মিসরে আহমাদিনেজাদকে লক্ষ্য করে জুতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে লক্ষ্য করে গতকাল মঙ্গলবার মিসরের এক ব্যক্তি জুতা ছুড়েছে। তিন দিনের সফরে গতকাল মিসরের রাজধানী কায়রো পৌঁছান আহমাদিনেজাদ। সেখানে এ ঘটনা ঘটে। আজ বুধবার বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।খবরে জানানো হয়, গতকাল কায়রোর একটি প্রাচীন মসজিদ পরিদর্শনে যান আহমাদিনেজাদ। এ সময় এক ক্ষুব্ধ ব্যক্তি ইরানের প্রেসিডেন্টকে লক্ষ্য করে জুতা ছোড়ে। ঘটনার পর আহমাদিনেজাদ সেখান থেকে দ্রুত চলে যান। নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই ব্যক্তিকে আটক করেছেন। কারও প্রতি জুতা ছোড়ার ঘটনাকে আরব বিশ্বে চরম অবমাননা হিসেবে বিবেচনা করা হয়।আহমাদিনেজাদকে লক্ষ্য করে জুতা ছোড়ার কারণ এখনো পরিষ্কার নয়। তবে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতি আহমাদিনেজাদের সমর্থনের প্রতিবাদে এমন ঘটনা ঘটতে পারে।১৯৭৯ সালের ইরান বিপ্লবের পর এই প্রথম ইরানের কোনো প্রেসিডেন্ট মিসর সফর করছেন। শিয়াশাসিত ইরানের সঙ্গে সুন্নিশাসিত মিসরের শীতল সম্পর্ক চলছে। ৫৭টি মুসলিম দেশের সংগঠন ওআইসির সম্মেলন উপলক্ষে আহমাদিনেজাদ মিসর সফর করছেন। বিশেষজ্ঞরা যখন মনে করছেন তাঁর এই সফর দেশ দুটির সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখতে পারে, এ সময় এই জুতা ছোড়ার ঘটনা ঘটল।