মিসরে কারফিউ ভেঙে বিক্ষোভ, নিহত ২
মিসরে রাত্রিকালীন কারফিউ ভেঙে সুয়েজ খালের তীরবর্তী শহরগুলোতে গতকাল সোমবার বিক্ষোভ করেছে বিরোধীরা। তারা কয়েকটি থানায়ও হামলা চালায়। গতকাল পোর্ট সৈয়দ শহরে রাতভর সংঘর্ষে অন্তত দুজন নিহত হয়েছে। চলমান সহিংসতা নিয়ন্ত্রণে এসব শহরে রাত্রিকালীন কারফিউ জারি করেন প্রেসিডেন্ট মুরসি। আজ মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।গত রোববার জাতির উদ্দেশে টেলিভিশনে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট মুরসি পোর্ট সৈয়দ, ইসমাইলিয়া ও সুয়েজ শহরে এক মাসের জন্য জরুরি অবস্থা ও রাত্রিকালীন কারফিউ জারি করেন। গতকাল সোমবার মিসরের মন্ত্রিসভা প্রেসিডেন্ট মুরসিকে সেনা মোতায়েনের ক্ষমতা দিয়ে একটি খসড়া আইন অনুমোদন করেছে। আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী পুলিশকে সহায়তা দেবে। তাদের গ্রেপ্তারেরও ক্ষমতা দেওয়া হয়েছে।উদ্ভূত সমস্যার সমাধানে প্রেসিডেন্ট বিরোধী দলগুলোকে আলোচনার বসার ডাক দিলেও তা প্রত্যাখ্যাত হয়েছে।রাজধানী কায়রো, আলেকজান্দ্রিয়া ও সুয়েজ খাল-সংলগ্ন ওই তিন শহরের রাস্তায় অবস্থান নিয়েছেন হাজারো বিক্ষোভকারী। ইসমাইলিয়া শহরে বিক্ষোভকারীরা ‘মোহাম্মদ মুরসি নিপাত যাক’, ‘জরুরি অবস্থা বাতিল হোক’—এসব স্লোগান দেন। আলেকজান্দ্রিয়ায় ধ্বনিত হয়— ‘জনগণ মুরসি শাসনের অবসান চায়’। কায়রোতে মধ্যরাতে পুলিশের কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়। পোর্ট সৈয়দে রাতের অন্ধকারে পুলিশ স্টেশনে হামলার ঘটনা ঘটে। একটি নিরাপত্তা সূত্র জানায়, এসব হামলায় পুলিশের কয়েকজন সদস্য আহত হন। মেডিকেল সূত্র জানায়, এসব সংঘর্ষে অন্তত দুজন নিহত ও ১২ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে ১০ জন গুলিবিদ্ধ। পোর্ট সৈয়দ ও সুয়েজ খাল এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। গতকাল সোমবার তাহরির স্কয়ারের আশপাশে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। শহরের প্রাণকেন্দ্রে সেমিরামিস ইন্টারকন্টিনেন্টাল হোটেলেও বিক্ষোভের ঘটনা ঘটে। এ ছাড়া শহরে পুলিশের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা।হোসনি মোবারকের পতনের দ্বিতীয় বর্ষপূর্তিতে গত বৃহস্পতিবার মিসরের বিভিন্ন অঞ্চলে সরকার-সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরদিনও বিভিন্ন স্থানে সহিংসতা চলে। আবার গত বছর মিসরে ফুটবল স্টেডিয়ামে সহিংসতার ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে গত শনিবার ২১ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলে নতুন করে সহিংসতা শুরু হয়। গত কয়েক দিনের এসব সহিংসতায় ৫২ জন নিহত হয়েছে।