মিসরে ক্লাব নিষিদ্ধ করায় নতুন করে সহিংসতা, নিহত ১
মিসরের বন্দর নগর পোর্ট সাইদে স্থানীয় একটি ফুটবল ক্লাবের ওপর নিষেধাজ্ঞা আরোপকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ক্লাবটির ক্ষুব্ধ সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত ও ১৯ জন আহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।গত ১ ফেব্রুয়ারি পোর্ট সাইদের স্টেডিয়ামে আল আহলি ও আল মাসরির মধ্যে একটি খেলা অনুষ্ঠিত হয়। খেলার ফলাফলকে কেন্দ্র করে উভয় দলের সমর্থকদের মধ্যে দাঙ্গায় কমপক্ষে ৭৪ জন নিহত হয়। দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে মিসরীয় লিগের অন্যতম শীর্ষ দল আল মাসরিকে নিষিদ্ধ করে কর্তৃপক্ষ। এ পদক্ষেপের প্রতিবাদে ক্লাবটির সমর্থকেরা রাস্তায় নেমে এলে নতুন করে এ সংঘর্ষ শুরু হয়।মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন গতকাল শুক্রবার জানায়, তারা আল মাসরি ক্লাবকে ২০১৩ সালের শেষ পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতায় অংশ নেওয়া থেকে নিষিদ্ধ করেছে। এ ছাড়া দাঙ্গায় জড়িত অন্য দল আল আহলিকে চার ম্যাচ ফাঁকা স্টেডিয়ামে খেলার জন্য নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি ক্লাবটির কোচ ও অধিনায়ককে বহিষ্কার ও জরিমানা করা হয়েছে।