মিসরে খসড়া সংবিধানে আজ ভোট হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে নতুন খসড়া সংবিধানের ওপর আজ বৃহস্পতিবার ভোট হতে পারে। গণপরিষদের বিলুপ্তি ঘোষণার ওপর আগামী রোববার দেশটির সাংবিধানিক আদালত রুল জারি করতে পারেন বলে আভাস পাওয়া গেছে। এ পরিস্থিতিতে এই ভোটের খবর পাওয়া গেল। আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়।গত সপ্তাহে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি নিজের হাতে ব্যাপক ক্ষমতা রেখে ডিক্রি জারি করেন। সেখানে বলা হয়, তাঁর ডিক্রি, সিদ্ধান্ত বা জারি করা আইনের বিরুদ্ধে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। ডিক্রির আওতায় তাঁর সিদ্ধান্ত কোনো কর্তৃপক্ষ, এমনকি বিচার বিভাগও বাতিল করতে পারবেন না। নতুন সংবিধান না হওয়া পর্যন্ত মুরসির এ ডিক্রির বৈধতা থাকবে।মুরসির এমন ঘোষণার পরই দেশটির বিচারকেরা ও ইসলামপন্থী সমর্থকেরা তাঁর বিরুদ্ধে অবস্থান নেন। সারা দেশে দেখা দেয় বিক্ষোভ। গত বুধবার পর্যন্ত বিক্ষোভ চলায় সাংবিধানিক গণপরিষদের কর্মকর্তারা জানান, প্রেসিডেন্ট মুরসি সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদকে আরও দুই মাস সময় দিলেও ইতিমধ্যে খসড়া সংবিধানের কাজ শেষ হয়েছে। সাংবিধানিক গণপরিষদে মুসলিম ব্রাদারহুড ও অন্যান্য ইসলামি দলগুলোর প্রাধান্য রয়েছে। তারা ইসলামি আইন চালু করার চেষ্টা করছে—এমন অভিযোগে বামপন্থী লিবারেল পার্টি ও খ্রিষ্টান সদস্যরা এ পরিষদকে প্রত্যাখ্যান করেছেন। সাংবিধানিক আদালতের ডেপুটি চেয়ারম্যান মাহের সামি টেলিভিশনে এক বক্তব্যে বলেন, আদালত তাঁর উদ্বেগের বিষয়টি তুলে ধরতে বদ্ধপরিকর এবং শেষ পর্যন্ত তাঁরা তাঁদের কাজ চালিয়ে যাবেন। আদালত এর মধ্যে মিসরের পার্লামেন্টের নিম্নকক্ষকে বিলুপ্ত করেছেন। বিশ্লেষকেরা বলছেন, মুরসি সব ক্ষমতা কুক্ষিগত করতে এ ডিক্রি জারি করেছেন। মুরসির সমর্থকেরা বলছেন, মিসরের স্বাধীনতা ও গণতন্ত্রের স্বার্থে নিজের ক্ষমতার পরিধি বাড়িয়েছেন মুরসি।