মিসরে গণভোট বর্জন বিচারকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে খসড়া সংবিধানের ওপর গণভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিচারকেরা। গতকাল রোববার গণভোট তত্ত্বাবধানে অস্বীকৃতি জানান তাঁরা। বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।গত শুক্রবার দেশটির পার্লামেন্টে খসড়া সংবিধান পাস হয়। খসড়া সংবিধান অনুমোদনের জন্য প্রেসিডেন্টের কাছে পাঠানো হলে আগামী ১৫ ডিসেম্বর গণভোটের ডাক দেন মোহাম্মদ মুরসি। বিচারকেরা জানান, তাঁরা ওই গণভোট তত্ত্বাবধান করবেন না।প্রেসিডেন্ট মুরসির সঙ্গে দেশটির সর্বোচ্চ সাংবিধানিক আদালতের চলমান দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে বিচারকদের কাছ থেকে এমন ঘোষণা এল। মুরসিবিরোধীরাও এই গণভোটের বিরুদ্ধে আগামীকাল মঙ্গলবার দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন।মিসরের সর্বোচ্চ আদালত ঘেরাও করে গতকাল বিক্ষোভ করেছেন মুরসির হাজারো সমর্থক। এতে বিচারকেরা দেশের সাংবিধানিক প্যানেলের বিষয়ে নির্ধারিত শুনানি স্থগিত করতে বাধ্য হন।বিতর্কিত নতুন সংবিধানের খসড়া প্রণয়নকারী প্যানেলের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে—এমন যেকোনো ধরনের রায় ঘোষণা ঠেকাতে মুরসির সমর্থকরা আদালত প্রাঙ্গণ ঘিরে রাখেন। এতে সাংবিধানিক আদালতের রায় ঘোষণা বিলম্বিত হয়। আদালতের নতুন অধিবেশন কখন শুরু হবে—এ বিষয়ে বিচার বিভাগের কর্মকর্তারা কিছু জানাননি। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরেও কিছু বলা হয়নি।গত ২২ নভেম্বর নিজের ক্ষমতা বৃদ্ধি করে একটি ডিক্রি জারি করেন প্রেসিডেন্ট মুরসি। ওই ডিক্রির কারণে বিচার বিভাগ তাঁর কোন সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে পারবেন না। বিরোধীরা অভিযোগ করেছেন, ডিক্রি জারির মাধ্যমে প্রেসিডেন্ট মুরসি যে ক্ষমতা হাতে নিয়েছেন, তা আইনের আওতাবহির্ভুত।ডিক্রি জারির পর মিসরে সহিংস বিক্ষোভ ও ধর্মঘট শুরু হয়। এ ছাড়া ইসলামপন্থী প্রেসিডেন্ট মুরসির সঙ্গে বিচার বিভাগের বিরোধ দেখা দেয়।