মিসরে গণভোট শুরু
মিসরে আজ শনিবার স্থানীয় সময় সকাল আটটা থেকে খসড়া সংবিধানের ওপর গণভোট গ্রহণ শুরু হয়েছে। প্রথম দফায় আজ কায়রো, আলেকজান্দ্রিয়া ও অন্য বড় নগরে ভোট নেওয়া হবে। পরবর্তী দফায় ভোট হবে ২২ ডিসেম্বর। আজ রয়টার্স ও বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।গণভোটকে কেন্দ্র করে মিসরে কয়েক দিন ধরেই রাজনৈতিক টানাপোড়েন চলছে। দেখা দিয়েছে সহিংস সংঘাত। দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ও তাঁর সমর্থক মুসলিম ব্রাদারহুড খসড়া সংবিধানের পক্ষে জনমত টানতে ব্যাপক প্রচারণা চালিয়েছে। এই খসড়া সংবিধানকে দুর্বল ও বড় বেশি ইসলামপন্থী অ্যাখ্যা দিয়ে এর বিরোধিতা করে পাল্টা সমাবেশ করেছে মুরসিবিরোধীরা।নির্বাচনে ভোটার সংখ্যা পাঁচ কোটি ১০ লাখের বেশি। সুষ্ঠুভাবে ভোট গ্রহণের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আড়াই লাখ সদস্য মোতায়েন করা হয়েছে।গণ-অভ্যুত্থানে সাবেক স্বৈরাচার প্রেসিডেন্ট হোসনি মোবারকের পতনের পর এ গণভোটকে কেন্দ্র করে দেশটি এখন সবচেয়ে খারাপ সময় অতিক্রম করছে।নিজের ক্ষমতা বাড়িয়ে প্রেসিডেন্ট মুরসি গত ২২ নভেম্বর ডিক্রি জারি করেন। পরে খসড়া সংবিধান নিয়ে গণভোট আয়োজনের ঘোষণা দিলে কয়েক সপ্তাহ ধরে রাজধানী কায়রো ও অন্য নগরগুলোয় ধারাবাহিকভাবে সহিংস বিক্ষোভ হয়ে আসছে। দেশকে গণতন্ত্রের পথে উত্তরণে মুরসি ও তাঁর সমর্থকেরা এই সংবিধান পাসের পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। সাম্প্রতিক ওই বিক্ষোভে কমপক্ষে আট ব্যক্তি নিহত ও কয়েক শ আহত হয়েছেন। বিরোধীরা বলছেন, এই খসড়া অনেক বেশি ইসলামী ভাবধারার।বিশ্লেষকেরা মনে করেন, বিরোধিতা সত্ত্বেও গণভোটে সংবিধানের পক্ষেই সমর্থন পড়বে।