মিসরে গুলিতে ১৬ সীমান্তরক্ষী নিহত
মিসর-ইসরায়েল সীমান্তে গতকাল রোববার বন্দুকধারীদের গুলিতে মিসরের সীমান্তরক্ষী বাহিনীর ১৬ জন সদস্য নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের পর বন্দুকধারীরা সীমান্তরক্ষী বাহিনীর অস্ত্রশস্ত্রে সজ্জিত দুটি গাড়ি নিয়ে ইসরায়েলের সীমানায় ঢুকে পড়ে। আজ সোমবার ডন অনলাইনের এক খবরে এ কথা জানানো হয়।মিসরের একজন চিকিত্সা কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলা হয়, মিসর-ইসরায়েল সীমান্তের কেরেম শেলম সীমান্তে বেদুইনদের (মরুভূমিতে বসবাসকারী আরব যাযাবর) পোশাকে সজ্জিত হয়ে একদল বন্দুকধারী মিসরের একটি তল্লাশি চৌকি লক্ষ্য করে হামলা চালায়। হামলার পর সীমান্তরক্ষী বাহিনীর দুটি গাড়ি নিয়ে তারা ইসরায়েলে ঢুকে পড়ে। সেখানে হেলিকপ্টার হামলায় একটি গাড়ি বিধ্বস্ত হয়।মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামলায় সীমান্তরক্ষী বাহিনীর ১৬ জন সদস্য নিহত হন। এক নিরাপত্তা কর্মকর্তা জানান, এ ঘটনায় আরও সাত ব্যক্তি আহত হন।হামলার ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী, গোয়েন্দাপ্রধান ও সেনা কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। বৈঠক শেষে টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি পুনরায় সিনাই এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অঙ্গীকার করেন। মিসরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনা বন্দুকধারীদের ‘জিহাদি’ আখ্যা দিয়ে বলেছে, তারা হামাসশাসিত গাজা উপত্যকা থেকে এসেছে। মিসরের রাষ্ট্রীয় টেলিভিশন ও মেনার খবরে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশটির রাফাহ সীমান্তপথে চলাচল বন্ধ রাখা হয়েছে। মিসর ও গাজার মধ্যে একমাত্র সীমান্তপথ রাফাহ, যেখানে ইসরায়েল তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি।