মিসরে গোষ্ঠীগত সংঘর্ষে নিহত ২, আহত ৬০
মিসরের রাজধানী কায়রোতে গতকাল শনিবার বিক্ষোভকারী খ্রিষ্টানদের সঙ্গে অপরিচিত একটি গোষ্ঠীর সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের সময় অপরিচিত গোষ্ঠীর গুলিতে দুই খ্রিষ্টান নিহত এবং ৬০ জন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরের বরাত দিয়ে আল-জাজিরা টেলিভিশনের অনলাইনে এ কথা বলা হয়েছে।৭ মে কায়রোর ইমবাবা শহরে একদল মুসলমান খ্রিষ্টানদের দুটি গির্জায় হামলা চালায়। এতে ১২ ব্যক্তি নিহত এবং ২৩০ জন আহত হন। এর পর থেকে কায়রোর প্রধান কেন্দ্রে খ্রিষ্টান সম্প্রদায় নিজেদের অধিকার আদায়ের দাবিতে বিক্ষোভ করে আসছে।নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, গতকালের সংঘর্ষ প্রায় চার ঘণ্টা স্থায়ী হয়। একদল সাদা পোশাকধারী ব্যক্তি একটি গাড়ির ভেতর থেকে গুলি করলে এই হতাহতের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুলিবর্ষণকারীদের মুখে দাড়ি ছিল। তবে তারা মুসলিম সম্প্রদায়ভুক্ত কি না, তা অবশ্য জানা যায়নি।