মিসরে গোষ্ঠীগত সংঘর্ষে নিহত ৬, আহত ৭৫
মিসরের রাজধানী কায়রোতে গতকাল শনিবার মুসলমান ও খ্রিষ্টান সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ছয় ব্যক্তি নিহত এবং ৭৫ জন আহত হয়েছে। দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।কায়রোর ইমবাবা উপশহরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সেখানকার মুসলমান সম্প্রদায় এক খ্রিষ্টান নারীকে উদ্ধার করতে চার্চে হামলা করলে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট মুসলমানেরা দাবি করছে, ওই নারীকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে চার্চে আটক রাখা হয়েছে। কারণ সে ইসলাম ধর্ম গ্রহণ করতে চেয়েছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাদানুবাদ থেকে তা সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনী গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, প্রায় ৫০০ রক্ষণশীল মুসলমান গতকাল কায়রোর ইমবাবা উপশহরের কপটিক সেন্ট মিনা চার্চে জড়ো হয়। তারা ওই নারীকে নিজেদের জিম্মায় নেওয়ার দাবি জানায়। এ সময় চার্চের নিরাপত্তাকর্মীরা বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও গুলি বিনিময়ে এ হতাহতের ঘটনা ঘটে। দেশটির ধর্মীয় নেতারা সব পক্ষকে ধৈর্য ধারণ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।