মিসরে দুই পক্ষের প্রচণ্ড সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের কায়রোতে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বাসভবনের বাইরে আজ বৃহস্পতিবার তাঁর ইসলামপন্থী সমর্থকদের সঙ্গে বিক্ষোভকারীদের প্রচণ্ড সংঘর্ষ হয়েছে। এতে তিনজন নিহত ও ৩৫০ জন আহত হয়েছে। রয়টার্স ও বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।এর আগে দেশটির ভাইস প্রেসিডেন্ট মাহমুদ মেকি জাতিকে বিভেদের মধ্যে ঠেলে দেওয়া খসড়া সংবিধানটি সংশোধন হতে পারে বলে পরামর্শ দেন। ১৫ ডিসেম্বর খসড়া সংবিধানের ওপর গণভোটের আয়োজন করা হয়েছে। তবে সংলাপে বসার দরজা এখনো খোলা আছে।গতকাল বুধবার প্রেসিডেন্ট ভবনে এক সংবাদ সম্মেলনে মেকি বলেন, খসড়া সংবিধানে থাকা বিতর্কিত বিধানগুলো সংশোধন করা হবে। ‘বিরোধীদের দাবির প্রতি সম্মান দেখিয়ে বলছি, এখানে অবশ্যই ঐকমত্য হতে হবে।’ প্রেসিডেন্ট ভবনের সামনে মুরসির সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ হয়। তারা রাস্তায় বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেয়, ইটপাটকেল ও পেট্রলবোমা নিক্ষেপ করে। দাঙ্গা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেও ব্যর্থ হয়।বিরোধী দলগুলো এ সংঘর্ষের জন্য প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থক মুসলিম ব্রাদারহুডকে দায়ী করছে। মুরসিবিরোধীরা ‘স্বৈরাচার নয়’ স্লোগান দিতে থাকে। অন্যদিকে মুরসির সমর্থকেরা ‘মুরসিকে পরাজিত করার অর্থ ইসলামকে পরাজিত করা’ বলে স্লোগান দেয়। সমালোচকেরা বলছেন, যথাযথ পরামর্শ ছাড়াই খসড়া সংবিধানটি তাড়াহুড়ো করে সংসদে পাঠানো হয়েছে। খসড়ায় রাজনৈতিক ও ধর্মীয় স্বাধীনতা এবং নারী-অধিকার রক্ষায় পর্যাপ্ত বিধান রাখা হয়নি। এদিকে অন্যতম বিরোধীদলীয় নেতা মোহামেদ এলবারাদি, আমর মুসা ও ন্যাশনাল রেসকিউ ফ্রন্টের আরও কয়েকজন শীর্ষ নেতা এক যৌথ বিবৃতিতে বলেন, এ সহিংসতার জন্য প্রেসিডেন্ট মুরসি পুরোপুরি দায়ী।এলবারাদি বলেন, ‘আমরা এখনো বলছি, সাংবিধানিক ডিক্রি যদি বাতিল করা হয়, তা হলে আমরা সংলাপে বসতে প্রস্তুত। একই সঙ্গে খসড়া সংবিধানের ওপর গণভোট স্থগিত করতে হবে।’মিসরের এ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে বিরোধী দলগুলোকে সংলাপে বসার আহ্বান জানিয়েছে।প্রেসিডেন্টের একটি সূত্র জানায়, আজকের দিনের শেষের দিকে প্রেসিডেন্ট বিবৃতি দিতে পারেন।গত ২২ নভেম্বর প্রেসিডেন্ট মুরসি নিজের ক্ষমতা বৃদ্ধির একটি ডিক্রি জারি করেন। ওই ডিক্রির কারণে বিচার বিভাগ তাঁর কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে পারবেন না। বিরোধীদের অভিযোগ, ডিক্রি জারির মাধ্যমে প্রেসিডেন্ট মুরসি যে ক্ষমতা হাতে নিয়েছেন, তা আইনবহির্ভূত।গত শুক্রবার মিসরের পার্লামেন্টে খসড়া সংবিধান পাস হয়। খসড়া সংবিধান অনুমোদনের জন্য প্রেসিডেন্টের কাছে পাঠানো হলে ১৫ ডিসেম্বর গণভোট আয়োজনের ঘোষণা দেন মোহাম্মদ মুরসি। এ ডিক্রির বিরোধিতা নিয়ে সৃষ্ট বিক্ষোভের মুখে মুরসির তিনজন উপদেষ্টা গতকাল বুধবার পদত্যাগ করেছেন।