মিসরে দ্বিতীয় দফায় গণভোট শুরু
মিসরে খসড়া সংবিধানের ওপর দ্বিতীয় দফায় গণভোট আজ শনিবার শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়। ভোট নেওয়াকে কেন্দ্র করে সারা দেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আড়াই লাখের মতো সদস্যকে মোতায়েন করা হয়েছে। বিবিসি অনলাইনের খবরে আজ এ কথা জানানো হয়।এর আগে গত ১৫ ডিসেম্বর প্রথম দফায় গণভোট হয়। আলেকজান্দ্রিয়া, কায়রোসহ আটটি প্রদেশে ওইদিন ভোট নেওয়া হয়। মুরসিবিরোধীরা অভিযোগ করে, নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। তবে সরকার এ অভিযোগ অস্বীকার করেছে। দ্বিতীয় দফা ভোট শেষে একেবারে ফলাফল ঘোষণা করা হবে। প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকেরা খসড়া সংবিধানের পক্ষে। তবে খসড়া সংবিধান অনেক বেশি ইসলামি ভাবধারার বলে অভিযোগ এনে বিরোধীরা এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিরোধীদের অভিযোগ, খসড়া সংবিধান এমনভাবে করা হয়েছে, যা মিসরের জনগণের মধ্যে বিভক্তি আনবে। তবে প্রেসিডেন্টের সমর্থকেরা বিরোধীদের এই অভিযোগকে মিথ্যাচার বলে উড়িয়ে দিচ্ছে। মুরসি সম্প্রতি আদেশ (ডিক্রি) জারি করে নিজের ক্ষমতা বাড়ান। বিরোধীরা একে তাঁর দীর্ঘমেয়াদি ক্ষমতায় থাকার কৌশল বলে অভিযোগ তুলে আদেশ বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেন। তবে বিরোধীদের অভিযোগ নাকচ করে মুরসি বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিশ্চিত করতেই এ আদেশ জারি করা হয়েছে।