মিসরে দ্বিতীয় দফার পার্লামেন্ট নির্বাচন শুরু
মিসরে আজ বুধবার দ্বিতীয় দফার পার্লামেন্ট নির্বাচন শুরু হয়েছে। বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।গত ২৮ নভেম্বর দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ইসলামপন্থী দলগুলোই এগিয়ে আছে। এর মধ্যে প্রায় ৪৭ শতাংশ আসনে বিজয়ী হওয়ার দাবি করেছে একসময়ের নিষিদ্ধ ঘোষিত মুসলিম ব্রাদারহুড।আজ থেকে শুরু হওয়া পার্লামেন্টের নিম্নকক্ষের দ্বিতীয় দফার নির্বাচনে আরও বেশি সাফল্য পাবে বলে আশা করছে দেশটির ইসলামপন্থীরা।দ্বিতীয় দফার পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে নয়টি অঞ্চলে। প্রায় তিন হাজার ৩৮৭ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।নির্বাচনের জন্য ভোটকেন্দ্রগুলো আজ সকাল আটটায় খুলবে। ভোট চলবে দুই দিন ধরে। ৩ জানুয়ারি তৃতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন পার্লামেন্ট গণতান্ত্রিক মিসরের খসড়া সংবিধান প্রণয়ন করবে।২০১২ সালের মধ্য নাগাদ দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসক হোসনি মোবারকের পতন ঘটে।