মিসরে দ্বিতীয় দিনের ভোট গ্রহণ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে পার্লামেন্টের নিম্নকক্ষের দুই দিনব্যাপী প্রথম দফা নির্বাচনে আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের ভোট গ্রহণ চলছে। ব্যাপক নির্বাচনী সহিংসতা ও গোলমালের আশঙ্কা সত্ত্বেও গতকাল সোমবার শান্তিপূর্ণভাবে প্রথম দিনের ভোট গ্রহণ শেষ হয়েছে।বিবিসি অনলাইন, আল জাজিরা টেলিভিশনের অনলাইন ও বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল প্রথম দিনের ভোট গ্রহণ শেষ হয়েছে। বিপুলসংখ্যক ভোটার লাইনে দাঁড়িয়ে শৃঙ্খলা মেনে ভোট দিয়েছেন। কোথাও বড় ধরনের কোনো সহিংসতা ও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।ভোট গ্রহণে কোনো অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। তবে ভোটকেন্দ্রে বেশ কিছু সীমাবদ্ধতার অভিযোগ পাওয়া গেছে। অনেক কেন্দ্রে নির্দিষ্ট সময়ে ভোট গ্রহণ শুরু হয়নি বলে ভোটাররা অভিযোগ করেছেন। কোনো কোনো কেন্দ্রে সঠিক সময়ে কালি ও ব্যালট পেপার পৌঁছায়নি বলেও জানা গেছে।তবে এসব সীমাবদ্ধতা ডিঙিয়ে দেশটিতে প্রথমবারের মতো স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলেই অনেক পর্যবেক্ষক মত দিয়েছেন। এদিকে তাহরির স্কয়ারে এখনো সেনাশাসনবিরোধী বিক্ষোভ চলছে। অনেক বিক্ষোভকারী এই নির্বাচনকে বর্জন করে একে ‘কৌতুক’ বলে অভিহিত করেছেন।উল্লেখ্য, ৫০ বছরের মধ্যে মিসরে এটাই প্রথম জনগণের প্রত্যক্ষ ভোটে পার্লামেন্ট নির্বাচন। এদিকে ক্ষমতায় থাকা ফিল্ড মার্শাল হুসেইন তানতাবির পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলায় ভোটকেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা।প্রাথমিকভাবে নিম্নকক্ষের এ নির্বাচন তিন দফায় অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দফায় গতকাল ও আজ কায়রো, আলেকজান্দ্রিয়াসহ বেশ কিছু শহরে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু ধারণা করা হচ্ছে, নির্বাচনপ্রক্রিয়া জটিল হওয়ায় তা সম্পন্ন করতে আগামী মার্চ নাগাদ সময় লেগে যাবে। ফলাফলও ওই মাসের আগে জানা সম্ভব হবে না।দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হবে আগামী ১৪ ডিসেম্বর আর তৃতীয় দফার ভোট গ্রহণ ৩ জানুয়ারি। এরপর পার্লামেন্টের উচ্চকক্ষের ভোট গ্রহণ শুরু হবে ২৯ জানুয়ারি। এ নির্বাচনে ৫০টির বেশি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছে। আশঙ্কা করা হচ্ছে, নির্বাচনে কট্টরপন্থী মুসলিম, নিরপেক্ষ ও সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের অনুসারীদের জয়ী হওয়ার সম্ভাবনার কারণে নতুন পার্লামেন্ট গঠন নিয়ে তাঁদের মধ্যে আদর্শগত বিরোধ দেখা দিতে পারে।এক সপ্তাহের বেশি সময় ধরে মিসরে সেনাশাসনবিরোধী বিক্ষোভের কারণে নির্বাচন পর্যবেক্ষকদের অনেকেই পার্লামেন্ট নির্বাচন নিয়ে সহিংসতার আশঙ্কা করছিলেন। এদিকে এই নির্বাচন বিষয়ে অনেক মিসরীয়ই বলছেন, এর ফলে মিসরীয়রা বিভক্ত হয়ে পড়বে।