মিসরে ধর্মঘটের ডাক বিচারকদের
মিসরের সর্বোচ্চ বিচারিক কর্তৃপক্ষ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গতকাল শনিবার দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে। বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির জারি করা একটি ডিক্রির প্রতিবাদে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গতকাল এক জরুরি বৈঠকে এ কর্মসূচি ঘোষণা করে।ডিক্রিটিকে বিচার বিভাগের ওপর ‘নজিরবিহীন হামলা’ বলে অভিহিত করে তা বাতিলের দাবি জানিয়েছেন আন্দোলনকারী বিচারপতিরা।এদিকে, বিরোধী দলের নেতা মোহাম্মদ এল বারাদি গতকাল স্পষ্টভাবে জানিয়েছেন, জারি করা ডিক্রি বাতিলের আগে মুরসির সঙ্গে কোনো আলোচনা নয়।মিসরের ২২টি মানবাধিকার সংস্থাও এক খোলা চিঠিতে এই ডিক্রি বাতিলের জন্য প্রেসিডেন্ট মুরসির প্রতি আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানো নিষিদ্ধ করে গত বৃহস্পতিবার ডিক্রি জারি করেন মুরসি। ডিক্রির আওতায় তাঁর সিদ্ধান্ত কোনো কর্তৃপক্ষ, এমনকি বিচার বিভাগও বাতিল করতে পারবে না। দেশটির সাবেক স্বৈরশাসক হোসনি মোবারককে উত্খাতে ২০১১ সালে সংঘটিত গণ-অভ্যুত্থানের সময় বিক্ষোভকারীদের হত্যায় অভিযুক্তদের পুনর্বিচারের পথও ডিক্রির মাধ্যমে উন্মুক্ত করা হয়েছে।মিসরের দ্বিতীয় বৃহত্ শহর আলেকজান্দ্রিয়ায় ইতিমধ্যে ধর্মঘট শুরু করে দিয়েছেন ডিক্রিবিরোধী বিচারকেরা। তবে মুরসির অনুসারী বিচারকেরা এই ডিক্রিকে সমর্থন জানিয়েছেন। অন্যদিকে মুরসির সমর্থনে আজ রোববার দেশজুড়ে সমাবেশ করার ঘোষণা দিয়েছে মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি। প্রেসিডেন্ট মুরসি একচ্ছত্র ক্ষমতা হস্তগত করে ডিক্রি জারি করার পর তাঁর বিরোধীরা গত শুক্র ও শনিবার বিক্ষোভ শুরু করে তাহরির স্কয়ারে। পুলিশ ও সরকার-সমর্থকদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে এ পর্যন্ত শতাধিক ব্যক্তি আহত হয়েছে। এদিকে, মুরসির ওই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে।তাহরির স্কয়ারে শতাধিক বিক্ষোভকারী শুক্রবার সারা রাত অবস্থান করেন। গতকাল সকালে সেখানে আরও লোকজন জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। উত্তেজিত জনতা এ সময় নিরাপত্তা বাহিনীর ওপর ইটপাটকেল নিক্ষেপ করে এবং পুলিশের একটি গাড়ি পুড়িয়ে দেয়। রাজধানী ছাড়া আরও কয়েকটি শহরে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের অভিযোগ, মিসরীয় বিপ্লবকে ছিনতাই করে মুরসি এখন নতুন হোসনি মোবারক হতে চলেছেন। তিনি নিজের ইসলামি দৃষ্টিভঙ্গি মিসরের ওপর চাপিয়ে দিতে চান।মোহাম্মদ মুরসি দাবি করেছেন, তিনি মিসরের স্বাধীনতা ও গণতন্ত্রের স্বার্থে নিজের ক্ষমতা সম্প্রসারিত করেছেন।