মিসরে নভেম্বরে পার্লামেন্ট নির্বাচন
মিসরে আগামী ২১ নভেম্বর পার্লামেন্ট নির্বাচন শুরু হবে বলে দেশটির আল আহরাম পত্রিকা ও আল অ্যারাবিয়া টেলিভিশনের খবরে গতকাল শনিবার জানানো হয়েছে।গণ-অভ্যুত্থানের মুখে গত ফেব্রুয়ারিতে দেশটির প্রেসিডেন্ট হোসনি মোবারকের পতন ঘটে। এরপর এই প্রথম দেশটিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।মিসরের নির্বাচন কমিশনার আবদেল মোজে ইব্রাহিমের বরাত দিয়ে আল আহরাম পত্রিকা জানিয়েছে, তিন পর্যায়ে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ দ্য পিপলস অ্যাসেম্বলির নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২১ নভেম্বর ভোট শুরু হবে এবং শেষ হবে ২০১২ সালের ৩ জানুয়ারি।এ ছাড়া পার্লামেন্টের উচ্চকক্ষ সুরা কাউন্সিলের নির্বাচন শুরু হবে আগামী বছরের ২২ জানুয়ারি এবং শেষ হবে ৪ মার্চ। তবে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেনা জানিয়েছে, ক্ষমতাসীন সেনা কর্তৃপক্ষের কাছে কমিশন আগামী নভেম্বর ও জানুয়ারির মধ্যে ভোটগ্রহণের একটি সুপারিশ জমা দিয়েছে মাত্র। ২৬ সেপ্টেম্বর কর্তৃপক্ষ নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা করবে।