মিসরে নির্বাচনের তারিখ পরিবর্তন করলেন মুরসি
মিসরের পার্লামেন্ট নির্বাচন ২৭ এপ্রিলের পরিবর্তে ২২ এপ্রিল থেকে শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। মিসরে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচনের তারিখ এগিয়ে আনা হয়েছে বলে প্রেসিডেন্ট মুরসির এক মুখপাত্র জানান। গতকাল শনিবার বিবিসির অনলাইনের খবরে এ কথা জানানো হয়।গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট মুরসি ২৭ এপ্রিল থেকে নির্বাচন শুরু হওয়ার ঘোষণা দেন। এতে আপত্তি তোলে দেশটির কপটিক খ্রিষ্টান সম্প্রদায়। তাদের দাবি, যেদিন থেকে নির্বাচন শুরু হওয়ার কথা সেদিন খ্রিষ্টান ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র দিন ইস্টার পড়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচনের তারিখ পাল্টানো হয়েছে বলে মুুরসি সরকারের পক্ষ থেকে জানানো হয়।এদিকে নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন মিসরের অন্যতম বিরোধী ব্যক্তিত্ব ও শান্তিতে নোবেলজয়ী মোহাম্মদ এল বারাদী ও তাঁর দল কনস্টিটিউশন পার্টি। তবে তাঁর এই সিদ্ধান্তকে সমর্থন করেনি তাঁর নেতৃত্বাধীন বিরোধী জোট ন্যাশনাল স্যালভেশন ফ্রন্টের অন্য দলগুলো। নির্বাচন প্রত্যাখ্যানের এ সিদ্ধান্তকে ‘হঠকারী’ বলে মন্তব্য করেছেন তাঁরা।