মিসরে পার্লামেন্ট নির্বাচন অক্টোবরে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে চলতি বছরের অক্টোবরে পার্লামেন্ট নির্বাচন হতে পারে। প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির উদ্ধৃতি দিয়ে আজ বুধবার রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়।মিসরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনার বরাত দিয়ে খবরে বলা হয়, প্রেসিডেন্ট মুরসি আজ বলেছেন, ‘সম্ভবত আগামী অক্টোবরে নির্বাচন অনুষ্ঠিত হবে।’প্রেসিডেন্ট মুরসি চার দফার নির্বাচন করার পরিকল্পনা করছিলেন। চলতি বছরের এপ্রিলের শেষের দিকে ওই নির্বাচন শুরু ও জুলাইয়ের মধ্যে পার্লামেন্ট গঠনের পূর্বপরিকল্পনা ছিল। কিন্তু মুরসির জারি করা একটি ডিক্রি দেশটির একটি আদালত বাতিল করায় নির্বাচনের পূর্ব-সময়সূচি বদলে গেছে।মুরসি বলেন, নতুন একটি নির্বাচনী আইন অনুমোদন করতে দুই থেকে আড়াই মাস সময় লাগতে পারে। নির্বাচনের প্রস্তুতির জন্য আরও দুই মাস সময় লাগতে পারে।ধর্মনিরপেক্ষ দলগুলো পার্লামেন্ট নির্বাচন বর্জনের কথা বলছে। তাদের অভিযোগ, ইসলামপন্থীদের সুবিধা দিতেই বিদ্যমান নির্বাচনী আইনের খসড়া প্রণয়ন করা হয়েছে। পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠানে এই বিলম্ব মুরসি ও মিসরের জন্য সুবিধাই বয়ে আনবে। এর ফলে বিরোধী দলগুলোকে নির্বাচনে আনতে আলোচনার জন্য যথেষ্ট সময় পাবেন মুরসি। এ ছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে ৪৮০ কোটি মার্কিন ডলার ঋণ প্রাপ্তির ক্ষেত্রে সংস্থাটির সঙ্গে সমঝোতারও সুযোগ পাবে মুরসির সরকার। মিসরের নাজুক অর্থনীতির জন্য এই ঋণের যথেষ্ট গুরুত্ব রয়েছে। ছয় মাস ধরে মিসরে রাজনৈতিক অস্থিরতা চলছে। এতে দেশটির অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।