মিসরে প্রধানমন্ত্রী নিয়োগের পর সহিংসতা, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের সামরিক পরিষদ নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করার পরদিন গতকাল শনিবার নতুন করে সহিংসতায় একজন নিহত হয়েছেন। প্রেসিডেন্ট হোসনি মোবারককে অপসারণের পর নতুন করে চেপে বসা সেনা শাসনের অবসানের দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে আন্দোলনকারীরা। একই সঙ্গে আগামীকাল সোমবারের পার্লামেন্ট নির্বাচন স্থগিত করার দাবি জানিয়েছে তারা।হোসনি মোবারকের আমলের প্রধানমন্ত্রী কামাল আল-গানজুরিকে নতুন করে প্রধানমন্ত্রী নিয়োগের প্রতিবাদে গতকাল মন্ত্রিপরিষদ সদর দপ্তরের সামনে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। এ সময় পুলিশের হামলায় আহামেদ সাইদ নামের ২১ বছরের এক যুবক নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ বিক্ষোভকারীদের ওপর গাড়ি চালিয়ে দেয়। পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে গত বৃহস্পতিবার সমঝোতা হওয়ার দুই দিন পর এ ঘটনা ঘটল।এদিকে, শুক্রবার রাতেও হাজার হাজার মানুষ কায়রোর তাহরির স্কয়ারে অবস্থান করে। তারা জানিয়েছে, বেসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত তারা তাহরির স্কয়ার ছাড়বে না। হোসনি মোবারককে হটানোর আন্দোলনে বিক্ষোভের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এই তাহরির স্কয়ার।শুক্রবার প্রধানমন্ত্রী নিয়োগ পাওয়ার পর পরপরই গানজুরি বলেন, তাঁকে আগের চেয়ে বেশি ক্ষমতা দেওয়া হয়েছে। পরে টেলিভিশনে ভাষণে তিনি বলেন, আগামী সপ্তাহের শেষ নাগাদ তিনি তাঁর মন্ত্রিপরিষদ চূড়ান্ত করবেন। ১৯৯৬ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হোসনি মোবারকের অধীনে প্রধানমন্ত্রী ছিলেন গানজুরি।কিন্তু গানজুরির নিয়োগ মেনে নিতে অস্বীকৃতি জানায় আন্দোলনকারীরা। তারা বলছে, গণতন্ত্রে উত্তরণ-প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার যোগ্যতা বা অধিকার তাদের নেই।ওমর আবদুল মনসুর নামের এক বিক্ষোভকারী বলেন, ‘সামরিক পরিষদের মনোনীত কাউকে আমরা চাই না। আমরা এমন একজনকে চাই, যিনি আমাদের সঙ্গে তাহরির স্কয়ারে আন্দোলন করেছেন, যাঁর ওপর মানুষের আস্থা আছে।’মোহাম্মদ খাত্তাব নামের অপর এক বিক্ষোভকারী বলেন, ‘শুধু মোবারকের পতনকে বিপ্লবের লক্ষ্য ধরে এগোনোই আমাদের ভুল হয়েছে।’এদিকে, সামরিক পরিষদ গত শুক্রবার জানায়, নির্বাচনের প্রতিটি পর্যায়ে এক দিনের পরিবর্তে দুই দিন ভোট গ্রহণ হবে। সবাই যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য এই ব্যবস্থা। এই অবস্থায় ভোট গ্রহণ শেষ হতে আগামী জানুয়ারির প্রথম সপ্তাহ লেগে যাবে। আগামীকাল সোমবার এই ভোট শুরু হওয়ার কথা। এএফপি, রয়টার্স।