মিসরে প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোট শুরু
মিসরে আজ শনিবার সকালে দুই দিনব্যাপী দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দিনের ভোট গ্রহণ শুরু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।রক্ষণশীল ইসলামপন্থী গোষ্ঠী মুসলিম ব্রাদারহুডের প্রার্থী মোহাম্মদ মুরসি এবং সাবেক শীর্ষ সেনা কর্মকর্তা ও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের সর্বশেষ সাবেক প্রধানমন্ত্রী আহমেদ শফিকের মধ্য থেকে যেকোনো একজনকে প্রেসিডেন্ট হিসেবে বেছে নেবে দেশটির মানুষ।নির্বাচনে ভোট দেবেন পাঁচ কোটি ভোটার। আজ স্থানীয় সময় সকাল আটটায় ভোট নেওয়া শুরু হয়েছে। শেষ হবে রাত আটটায়। কালও একই সময়ে ভোট নেওয়া হবে।২১ জুন প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার কথা থাকলেও আগেই ফলাফল জানা যাবে বলে আশা করা হচ্ছে।আরব বসন্তের জোয়ারে গত বছরের ফেব্রুয়ারি মাসে স্বৈরশাসক হোসনি মোবারকের পতনের পর এটাই সে দেশে বহুদলীয় গণতান্ত্রিক পদ্ধতির প্রথম প্রেসিডেন্ট নির্বাচন।জনগণের ভোটে নির্বাচিত প্রথম প্রেসিডেন্টের কাছে আগামী ১ জুলাই ক্ষমতা হস্তান্তর করার প্রতিশ্রুতি দিয়েছে দেশটির বর্তমান ক্ষমতাসীন সামরিক কর্তৃপক্ষ।গত ২৩ ও ২৪ মে মিসরে প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচন হয়। এতে মোহাম্মদ মুরসি ও আহমেদ শফিক সর্বাধিক ভোট পান। কিন্তু নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থী অর্ধেকের বেশি ভোট না পাওয়ায় দ্বিতীয় দফার ভোট হচ্ছে।