মিসরে প্রেসিডেন্ট নির্বাচনে মুসলিম ব্রাদারহুডের বিজয় দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে সদ্য সমাপ্ত দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে মুসলিম ব্রাদারহুড-সমর্থিত প্রার্থী মোহাম্মদ মুরসি জয়ী হয়েছেন বলে এই ইসলামপন্থী গোষ্ঠীর পক্ষ থেকে দাবি করা হয়েছে। আজ সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানায় বলে আল জাজিরা টেলিভিশনের অনলাইনে প্রকাশিত খবরে বলা হয়েছে।গত শনি ও রোববার মিসরে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মুসলিম ব্রাদারহুডের প্রার্থী মোহাম্মদ মুরসি ও শীর্ষস্থানীয় সাবেক সেনা কর্মকর্তা ও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের সর্বশেষ প্রধানমন্ত্রী আহমেদ শফিকের মধ্য প্রতিদ্বন্দ্বিতা হয়।মুসলিম ব্রাদারহুডের দাবি, প্রেসিডেন্ট নির্বাচনে তাদের প্রার্থী মোহাম্মদ মুরসি ৫২ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছে জয়ী হয়েছে। মোট ১৩ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ১২ হাজার ৭৯৩টির ফলাফল পাওয়া গেছে। এতে ১২ দশমিক ৭ মিলিয়ন ভোট পেয়েছেন মোহাম্মদ মুরসি। তাঁর প্রতিদ্বন্দ্বী আহমেদ শফিক পেয়েছেন ১১ দশমিক ৮৪ মিলিয়ন ভোট।বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরসহ বেসরকারি ফলাফলে দেখা গেছে, মোহাম্মদ মুরসি তাঁর প্রতিদ্বন্দ্বী আহমেদ শফিকের চেয়ে ১০ লাখেরও বেশি ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।দলীয়ভাবে নিজেদের প্রার্থীকে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ঘোষণার পর মুসলিম ব্রাদারহুডের সমর্থকেরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। তাঁরা সামরিক শাসনবিরোধী স্লোগানও দেন।মুরসি তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন, তিনি মিসরে আইনের শাসন প্রতিষ্ঠা করবেন। সবাইকে নিয়েই সবার জন্য কাজ করবেন। প্রতিহিংসার রাজনীতি করবেন না।২১ জুন প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার কথা।আরব-বসন্তের জোয়ারে গত বছরের ফেব্রুয়ারি মাসে স্বৈরশাসক হোসনি মোবারকের পতনের পর এটাই সে দেশে বহুদলীয় গণতান্ত্রিক পদ্ধতির প্রথম প্রেসিডেন্ট নির্বাচন।জনগণের ভোটে নির্বাচিত প্রথম প্রেসিডেন্টের কাছে আগামী ১ জুলাই ক্ষমতা হস্তান্তর করার প্রতিশ্রুতি দিয়েছে দেশটির বর্তমান ক্ষমতাসীন সামরিক কর্তৃপক্ষ।গত ২৩ ও ২৪ মে মিসরে প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচন হয়। এতে মোহাম্মদ মুরসি ও আহমেদ শফিক সর্বাধিক ভোট পান। কিন্তু নিয়ম অনুযায়ী কোনো প্রার্থী অর্ধেকের বেশি ভোট না পাওয়ায় দ্বিতীয় দফায় নির্বাচন অনুষ্ঠিত হলো।