মিসরে প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা স্থগিত
মিসরের কর্তৃপক্ষ দেশটিতে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা স্থগিত করেছে। বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।প্রবাসী মিসরীয়দের কথা চিন্তা করে প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি বলে কর্তৃপক্ষ দাবি করেছে। মিসরে হোসনি মোবারক-পরবর্তী প্রথম প্রেসিডেন্ট নির্বাচনের লক্ষ্যে একটি তারিখ ঘোষণার জন্য গতকাল রোববার দেশটির নির্বাচন কমিশন এক সংবাদ সম্মেলন ডাকে। সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখলেও নির্বাচনের তারিখ ঘোষণা থেকে বিরত থাকেন। তবে তিনি জানিয়েছেন, প্রেসিডেন্ট নির্বাচনের সব প্রক্রিয়া মে মাসের শেষ নাগাদ সম্পন্ন হবে।সংবাদ সম্মেলন শেষে তারিখ ঘোষণা না করার কারণ হিসেবে দেশটির সাংবিধানিক আদালতের প্রধান ফারুক সুলতান বলেন, ‘বিদেশে থাকা মিসরীয়দের ভোট দেওয়ার বিষয়টিও তাঁদেরকে নিশ্চিত করতে হবে। প্রবাসী মিসরীয়রা যেন সুবিধাজনক সময়ে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করতে হবে। কারণ দেশ গঠনে তাদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ।’বিশ্লেষকেরা বলছেন, প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ নিয়ে এই সময়ক্ষেপণ থেকে ধারণা করা হচ্ছে, পর্দার অন্তরালে সামরিক কর্মকর্তাদের মধ্যে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে এক ধরনের লড়াই চলছে।গণ-অভ্যুত্থানের মুখে গত বছর মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের পদত্যাগের পর সেনাবাহিনী দেশটির ক্ষমতা গ্রহণ করে। প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর সেনাবাহিনীকে একটি বেসামরিক সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করে ব্যারাকে ফিরতে হবে।তবে একটি বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য মিশরে বিক্ষোভ অব্যাহত রয়েছে।