মিসরে বিক্ষোভ অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চম দিনের মতো সেনাশাসন-বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে মিসরে। দেশটির সেনা কর্তৃপক্ষ বেসামরিক নেতৃত্বের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিলেও কায়রোর তাহরির স্কয়ারে এখনো হাজার হাজার বিক্ষোভকারী অবস্থান করছে।২০১২ সালের জুলাইয়ের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে বলে গতকাল রাতে মিসরের ক্ষমতাসীন সুপ্রিম কাউন্সিলের প্রধান ফিল্ড মার্শাল হুসেইন তানতাবি এক সংক্ষিপ্ত ভাষণে ঘোষণা দিয়েছেন। তবে এর আগে সুপ্রিম কাউন্সিল জানিয়েছিল, ২০১২ সালের শেষ বা ২০১৩ সালের আগে প্রেসিডেন্ট নির্বাচনের কোনো সম্ভাবনা নেই।বিক্ষোভকারীরা তানতাবির গতকালের ঘোষণা প্রত্যাখ্যান করেছে। তাহরির স্কয়ারে সমবেত বিক্ষোভকারীরা বলেছে, তানতাবির এ প্রস্তাব যথেষ্ট নয়। বরং বিক্ষোভের অবসান ঘটাতে সবার আগে তাঁকেই পদত্যাগ করতে হবে।গতকালও তাহরির স্কয়ারে দাঙ্গা পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। তবে বিক্ষোভকারীরা দাবি করেছে, পুলিশ তাদের লক্ষ্য করে সরাসরি গুলিও চালিয়েছে। এদিকে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় স্বীকার করেছে, গত শনিবার থেকে চলতে থাকা চার দিনের সহিংস সংঘর্ষে এ পর্যন্ত ৩০ জন নিহত এবং শত শত বিক্ষোভকারী আহত হয়েছে।তবে প্রত্যক্ষদর্শী, চিকিত্সা কর্মকর্তা ও আন্দোলনকর্মীদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, কায়রোর তাহরির স্কয়ারে নিরাপত্তা বাহিনী ও সেনাশাসন-বিরোধী বিক্ষোভকারীদের মধ্যে গত শনিবার থেকে শুরু হওয়া সংঘর্ষে কমপক্ষে ৩৩ জন নিহত ও এক হাজার ৮০০ জন আহত হয়েছে।কায়রো ছাড়াও গতকাল আলেকজান্দ্রিয়া, সুয়েজ, পোর্ট সাঈদ ও আসওয়ানে বিক্ষোভের খবর পাওয়া গেছে।সেনাশাসনের অবসান ঘটাতে গতকাল গণবিক্ষোভের ডাক দেয় আন্দোলনকারীরা। বিক্ষোভের জেরে সোমবার রাতে মিসরের মন্ত্রিপরিষদ পদত্যাগ করে। বিশ্লেষকদের মতে, এর ফলে আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য দেশটির পার্লামেন্ট নির্বাচন অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তবে মন্ত্রিসভার পদত্যাগ গৃহীত হয়েছে কি না, সেনা কর্তৃপক্ষ এখনো তা আনুষ্ঠানিকভাবে জানায়নি। কয়েক দিন ধরেই তাহরির স্কয়ারে সমবেত বিক্ষোভকারীরা ফিল্ড মার্শাল হুসেইন তানতাবির পদত্যাগ দাবি করছে। হোসনি মোবারকের পদত্যাগের পর তানতাবির নেতৃত্বেই সুপ্রিম কাউন্সিল ক্ষমতা গ্রহণ করে। তানতাবি দীর্ঘদিন ধরে মোবারক সরকারের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছেন। অন্তর্বর্তীকালীন সেনাশাসকেরা ক্ষমতা কুক্ষিগত করতে চাইছেন বলে বিক্ষোভকারীরা অভিযোগ করেছে। রয়টার্স।