মিসরে বিক্ষোভ-সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে নিরাপত্তা বাহিনী ও সেনাশাসন-বিরোধী বিক্ষোভকারীদের মধ্যে চলমান চার দিনব্যাপী সংঘর্ষে কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শী, চিকিৎসা কর্মকর্তা ও আন্দোলনকর্মীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। গত শনিবার থেকে শুরু হওয়া সেনাশাসন-বিরোধী বিক্ষোভে এ পর্যন্ত প্রায় এক হাজার ৮০০ জন আহত হয়েছে। এদিকে দেশটিতে সেনাশাসনের অবসান ঘটাতে আন্দোলনকারীরা আজ মঙ্গলবার বড় ধরনের বিক্ষোভের ডাক দিয়েছে। সামরিক শাসনের অবসানের দাবিতে গতকালও কায়রোর তাহরির স্কয়ারে প্রায় ২০ হাজার বিক্ষোভকারী রাতভর বিক্ষোভ করছে।এদিকে তাহরির স্কয়ারে সরকারবিরোধী বিক্ষোভ চতুর্থ দিনে গড়ানোর সময় মিসরের মন্ত্রিপরিষদ গতকাল সোমবার রাতে পদত্যাগ করেছে। এতে করে আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য পার্লামেন্ট নির্বাচন অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তবে মন্ত্রিসভার পদত্যাগ গৃহীত হয়েছে কি না, সেনা কর্তৃপক্ষ এখনো তা আনুষ্ঠানিকভাবে জানায়নি। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা মিনা জানিয়েছে, মিসরের ক্ষমতাসীন সামরিক কাউন্সিল গতকাল সোমবার সংকট সমাধানে সব রাজনৈতিক দলের প্রতি জরুরি আলোচনার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে গত কয়েক দিনের সহিংসতায় হতাহতদের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছে কর্তৃপক্ষ। কয়েক দিন ধরেই তাহরিরে সমবেত বিক্ষোভকারীরা ফিল্ড মার্শাল হুসেইন তানতাবির পদত্যাগ দাবি করছে। হোসনি মোবারকের পদত্যাগের পর তানতাবির নেতৃত্বেই সুপ্রিম কাউন্সিল ক্ষমতা গ্রহণ করে। তানতাবি দীর্ঘদিন ধরে মোবারক সরকারের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছেন। অন্তর্বর্তীকালীন সেনাশাসকেরা ক্ষমতা কুক্ষিগত করতে চাইছেন বলে বিক্ষোভকারীরা অভিযোগ করেছে।