মিসরে বিক্ষোভকারীদের ওপর বল প্রয়োগ
মিসরের তাহরির স্কয়ারে বিক্ষোভকারীদের তাড়িয়ে দিতে আজ শনিবার ভোরে বল প্রয়োগ করেছে দেশটির সেনাবাহিনী। বার্তা সংস্থা রয়টার্স বিক্ষোভকারীদের বরাত দিয়ে এ খবর জানায়। মিসরে সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের পতনের পর বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর এ ধরনের আচরণ সাধারণত লক্ষ করা যায়নি। বিক্ষোভকারীরা সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের পতনের দুই সপ্তাহ উদ্যাপন ও তাঁর আমলের মন্ত্রীদের বাদ দিয়ে নতুন মন্ত্রিসভা গঠনের দাবিতে গতকাল শুক্রবার তাহরির স্কয়ারে জড় হয়েছিল। বিক্ষোভকারীরা জানান, গতকাল মধ্যরাতের পর সেনারা কোন পূর্ব-ঘোষণা ছাড়াই তাহরির স্কয়ারে লাইটপোস্টের আলো নিভিয়ে দেয়। এরপর তাঁরা বিক্ষোভকারীদের এলাকা ছেড়ে দিতে বাধ্য করে। কিন্তু বিক্ষোভকারীরা তাহরির স্কয়ার ছেড়ে যেতে অস্বীকৃতি জানালে আজ ভোরে সেনারা বেদম লাঠিচার্জ ও প্রহার শুরু করে। এতে বিক্ষোভকারীরা তাহরির স্কয়ার ছেড়ে পার্শ্ববর্তী সড়কগুলোতে অবস্থান নেয়।রয়টার্স জানিয়েছে, তাহরির স্কয়ারে বিক্ষোভকারীদের ওপর বল প্রয়োগের সময় সেনা কর্মকর্তারা মুখে মুখোশ পরে ছিলেন। যাতে বিক্ষোভকারীরা সেনাদের পরিচয় জানতে না পারে। আহমেদ বাহগাত নামে এক বিক্ষোভকারী বলেন, ‘সামরিক পুলিশ বিক্ষোভকারীদের বেদম প্রহার ও লাঠিচার্জ করে। তারা আমাদের ছত্রভঙ্গ করতে খোলা আকাশে তাজা বুলেট ছুড়েছে।’ আশরাফ ওমর নামে আরেক বিক্ষোভকারী বলেন, ‘আমরা এ সরকারকে একটা সুযোগ দিতে চেয়েছিলাম। কিন্তু এখন দেখছি, তাদের ওপর কোনো আশা রাখা যাচ্ছে না। আমরা রাজপথে ফিরে আসছি। হয় সম্মানের সঙ্গে বেঁচে থাকব, নয় তো এখানেই মারা যাব।’বিক্ষোভকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—প্রধানমন্ত্রী আহমেদ শফিকসহ মোবারক আমলের সব মন্ত্রীকে বাদ দিয়ে নতুন মন্ত্রিসভা গঠন, রাজনৈতিক বন্দীদের মুক্তি ও সাধারণ ক্ষমা ঘোষণা করা।