মিসরে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে আজ মঙ্গলবার বিক্ষোভকারীদের লক্ষ্য করে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি ছুড়েছে। এতে নয়জন বিক্ষোভকারী আহত হয়। প্রত্যক্ষদর্শী ও মিসরের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়। ১৫ ডিসেম্বর খসড়া সংবিধানের ওপর গণভোটের বিরোধিতা করে আজ মঙ্গলবার বিকেলে কায়রোর তাহরির স্কয়ার থেকে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বাসভবনের দিকে বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে বিরোধীদের। এ কারণে তাহরির স্কয়ারে জড়ো হয়েছে বিক্ষোভকারীরা।প্রত্যক্ষদর্শীরা জানায়, বেশ কজন অজ্ঞাত বন্দুকধারী তাহরির স্কয়ারে গিয়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এর মধ্যে কিছু বন্দুকধারী মুখোশ পরা ছিল। তারা বিক্ষোভকারীদের লক্ষ্য করে পেট্রলবোমাও ছোড়ে। এ ঘটনাকে সন্ত্রাসী তত্পরতা হিসেবে অভিহিত করেছে বিক্ষোভকারীরা। প্রেসিডেন্ট মুরসিবিরোধী বিক্ষোভ দমন করতে পরিকল্পিতভাবে এ কাজ করা হয়েছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের।গত ২২ নভেম্বর প্রেসিডেন্ট মুরসি নিজের ক্ষমতা বৃদ্ধির একটি ডিক্রি জারি করেন। আদেশে বলা হয়, প্রেসিডেন্টের সিদ্ধান্ত কোনো কর্তৃপক্ষ, এমনকি বিচার বিভাগও বাতিল করতে পারবে না। আদালত চাইলেই সংবিধান সভা ভেঙে দিতে পারবেন না। এ ছাড়া হোসনি মোবারককে উত্খাতে ২০১১ সালে সংঘটিত গণ-অভ্যুত্থানের সময় বিক্ষোভকারীদের হত্যায় অভিযুক্ত ব্যক্তিদের পুনর্বিচারের পথও ওই আদেশের মাধ্যমে উন্মুক্ত করা হয়।ওই আদেশ জারির প্রতিবাদে ২৩ নভেম্বর কায়রোর তাহরির স্কয়ারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়। ব্যাপক বিক্ষোভ শুরু হলে মুরসির সমর্থনে ইসলামপন্থীরাও রাজপথে নামে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষে হতাহতের ঘটনাও ঘটে। বিক্ষোভের মুখে গত শনিবার প্রেসিডেন্টকে প্রায় নিরঙ্কুশ ক্ষমতা দিয়ে জারি করা আদেশটি বাতিল করেন মুরসি।এর আগে মিসরের পার্লামেন্টে খসড়া সংবিধান অনুমোদনের জন্য প্রেসিডেন্টের কাছে পাঠানো হলে ১৫ ডিসেম্বর গণভোট আয়োজনের ঘোষণা দেন মোহাম্মদ মুরসি। এরপর মিসরে বিক্ষোভ জোরদার হয়।