মিসরে বিক্ষোভে নিহত ২, আহত ৬ শতাধিক(ভিডিওসহ)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের রাজধানী কায়রোসহ তিনটি শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুজন নিহত এবং ছয় শতাধিক লোক আহত হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। হোসনি মোবারকের পদত্যাগের পর দেশটিতে জাতীয় নির্বাচনের আগে গতকাল শনিবার বড় ধরনের এ সংঘর্ষের ঘটনা ঘটল। গত ফেব্রুয়ারিতে গণ-আন্দোলনের মুখে প্রেসিডেন্ট হোসনি মোবারক পদত্যাগের পর সামরিক শাসকেরা দেশ পরিচালনার দায়িত্ব নেন। জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে সরে যাওয়ার কথা থাকলেও তাঁরা এ ব্যাপারে কোনো পদক্ষেপ না নেওয়ায় মিসরের জনগণ আবারও ক্ষুব্ধ হয়ে উঠেছে। গতকাল শনিবার ক্ষুব্ধ জনগণ ‘আমরা এ শাসনের অবসান চাই’ বলে স্লোগান দিতে থাকে। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। বিক্ষোভকারীরাও পাল্টা পুলিশকে লক্ষ্য করে ফুটপাত ভেঙে সিমেন্টের টুকরো ছুড়ে মারেন এবং এর মধ্য দিয়ে বিক্ষোভকারীরা কায়রোর তাহরির স্কয়ারের নিয়ন্ত্রণ নিয়ে নেন।

তাহরির স্কয়ারে সমবেত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে থেকে তাঁদের লক্ষ্য করে একের পর এক গুলি চালায়। সালেহ সাঈদ নামের এক ব্যক্তি জানান, জনতা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ পালনকালে পুলিশ ২০টি ট্রাক চালিয়ে জোরপূর্বক বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। তিনি বলেন, ‘এখন হাজার হাজার মিসরীয় তাহরিরে বিক্ষোভ করছেন। আমরা দুর্নীতিগ্রস্ত অন্তর্বর্তী সরকার বা সেনাশাসন কোনোটিই চাই না।’আগামী ২৮ নভেম্বর ভোট হওয়ার কথা রয়েছে। কিন্তু চলমান এ সহিংসতা আরও ছড়িয়ে পড়লে নির্বাচনে তা বিঘ্ন ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে মিসরের এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ‘বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের’ নিয়ন্ত্রণে পুলিশ আইনানুগ ব্যবস্থাই নিয়েছে। অন্যদিকে বিক্ষোভকারীরা বলছেন, শান্তিপূর্ণভাবে পালিত তাঁদের এ কর্মসূচিকে বিঘ্নিত করতে পুলিশ নির্মম কৌশল অবলম্বন করেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনা স্বাস্থ্যমন্ত্রীর মুখপাত্রের বরাত দিয়ে জানায়, কায়রোর এই সংঘর্ষে ৬৭৬ জন আহত ও আহমেদ মাহমুদ নামে ২৩ বছর বয়সী এক বিক্ষোভকারী নিহত হয়েছেন। এ ছাড়া আলেকজান্দ্রিয়ায় নিহত হয়েছে আরেকজনন। এদিকে বিক্ষোভের সমর্থনে প্রেসিডেন্ট পদপ্রার্থী হাজেম সালাহ আবু ইসমাইল আজ রোববার একদল বিক্ষোভকারীকে বলেছেন, ‘আমি তোমাদের বলছি তোমরা এই স্কয়ার ছাড়বে না। এখন থেকে এই স্কয়ারই এ আন্দোলনে নেতৃত্ব দেবে। ভবিষ্যতে পুরো মিসর তোমাদের নেতৃত্ব অনুসরণ করবে।’