মিসরে বিপ্লবের বর্ষপূর্তিতে সংঘর্ষে নিহত ৯
মিসরে গতকাল শুক্রবার মোবারকবিরোধী আন্দোলন ও বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তির দিন পুলিশের সঙ্গে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষে নয়জন নিহত হয়েছে। আহত হয়েছে ৪৫৬ জন। আজ শনিবার বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।সংঘাত বন্ধ করে শান্ত থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। নিহত নয়জনের মধ্যে আটজন সুয়েজ শহরে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। এর মধ্যে পুলিশের একজন সদস্যও রয়েছেন। এ ছাড়া ইসমাইলিয়া শহরে আরও একজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। এ ঘটনার পর আজ শনিবার ভোরে সুয়েজ শহরে সেনা মোতায়েন করেছে সরকার।গতকাল সকাল থেকে বিক্ষোভে উত্তাল ছিল সারা মিসর। ‘আরব বসন্ত’ বিপ্লবের সূত্র ধরে সাবেক স্বৈরশাসক মোবারকের পতনের পর দুই বছর পার হলেও জনগণের স্বপ্ন পূরণ হয়নি বলে মনে করছেন মুরসির বিরোধীরা। তাঁদের দাবি, প্রেসিডেন্ট মুরসি ও মুসলিম ব্রাদারহুড দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। তারা মোবারক-পরবর্তী সময়ে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। এরই প্রেক্ষাপটে গতকাল সারা দিন রাজধানী কায়রো, আলেকজান্দ্রিয়াসহ দেশের বিভিন্ন নগরে বিক্ষোভ করে সরকারবিরোধীরা।গতকাল কায়রোর ঐতিহাসিক তাহরির স্কয়ারে কয়েক হাজার বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি সংঘর্ষ হয়। প্রেসিডেন্ট ভবনের বাইরে বিক্ষোভকারীরা নিরাপত্তাবেষ্টনী ভেঙে ফেলার চেষ্টা করলে সেখানে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। রাষ্ট্রীয় টেলিভিশন ভবনের বাইরে একটি ধাতব নিরাপত্তাবেষ্টনী সরিয়ে ফেলার চেষ্টা করলে বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এ ছাড়া মুসলিম ব্রাদারহুডের একটি কার্যালয় ও ইসমাইলিয়া শহরে একটি সরকারি কার্যালয়ে অগ্নিসংযোগ এবং বেশ কয়েকটি সরকারি কার্যালয় ভাঙচুর করে বিক্ষোভকারীরা।এদিকে সংঘর্ষ থামিয়ে দেশবাসীকে বিপ্লবের মূলমন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্তিপূর্ণভাবে তাদের বিক্ষোভ দেখানোর আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মুরসি। দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন তিনি।