মিসরে বিরোধীদলীয় সংবাদপত্রের কার্যালয়ে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে গতকাল শনিবার খসড়া সংবিধানের ওপর অনুষ্ঠিত গণভোট গণনাকালে বিরোধী দল ওয়াফদ পার্টির একটি সংবাদপত্রের কার্যালয়ে হামলা চালিয়েছে সরকার-সমর্থিত ইসলামপন্থীরা। গতকাল বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা কর্মকর্তারা জানান, রাজধানী কায়রোতে অবস্থিত বিরোধী দল ওয়াফদ পার্টির সংবাদপত্রের কার্যালয়ে পেট্রলবোমা ও গুলি ছোড়া হয়। এ সময় ভোট গণনা চলছিল। ওই সংবাদপত্রের ব্যবস্থাপনা সম্পাদক মোস্তফা শফিক দাবি করেন, হামলায় তাঁদের কার্যালয় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এ হামলার জন্য কট্টর ইসলামপন্থী সালাফিস্ট নেতা হাজেম আবু ইসমাইলকে দায়ী করেছে ওয়াফদ পার্টি। তবে ফেসবুকে এ অভিযোগ অস্বীকার করেছেন ইসমাইল।বিরোধী জোট ন্যাশনাল স্যালভেশন ফ্রন্টের একজন মুখপাত্র দাবি করেছেন, গতকালের গণভোটে কায়রো ও অন্যান্য শহরের ৬০-৬৫ শতাংশ ভোটার নতুন খসড়া সংবিধান প্রত্যাখ্যান করেছেন।অন্যদিকে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থক মুসলিম ব্রাদারহুড দাবি করেছে, এখন পর্যন্ত ১০ লাখ ভোট গণনা করা হয়েছে। এর মধ্যে ৭২ দশমিক ৫ শতাংশ ভোটই খসড়া সংবিধানের পক্ষে পড়েছে।আগামী শনিবার খসড়া সংবিধানের ওপর দ্বিতীয় দফার গণভোট অনুষ্ঠিত হওয়ার পরই চূড়ান্ত ফল পাওয়া যাবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।নতুন খসড়া সংবিধানের ওপর গণভোট সামনে রেখে গত শুক্রবার প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থক ও তাঁর বিরোধীরা পাল্টাপাল্টি সমাবেশ করে। গণ-অভ্যুত্থানে সাবেক স্বৈরাচার প্রেসিডেন্ট হোসনি মোবারকের পতনের পর এ গণভোটকে কেন্দ্র করে দেশটি এখন সবচেয়ে খারাপ সময় অতিক্রম করছে।নিজের ক্ষমতা বাড়িয়ে প্রেসিডেন্ট মুরসির ডিক্রি জারি ও খসড়া সংবিধান নিয়ে গণভোট আয়োজনের ঘোষণার পর কয়েক সপ্তাহ ধরে রাজধানী কায়রো ও অন্যান্য নগরে ধারাবাহিকভাবে সহিংস বিক্ষোভ হয়ে আসছে। দেশকে গণতন্ত্রের পথে উত্তরণে মুরসি ও তাঁর সমর্থকেরা এই সংবিধান পাসের পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে মনে করেন।উদারপন্থী, ধর্মনিরপক্ষে ও সরকারবিরোধী অন্যান্য গোষ্ঠীর আশঙ্কা, ওই গণভোটে খসড়া সংবিধানটি উতরে গেলে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ও তাঁর ইসলামপন্থী দল মুসলিম ব্রাদারহুড দেশে প্রচলিত আইন বাদ দিয়ে ইসলামি আইনের প্রয়োগ ঘটাবে। সরকারবিরোধীরা এই গণভোটে ‘না’ ভোট দেওয়ার জন্য তাঁদের সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছে।