মিসরে ভোট গণনা শুরু, ব্রাদারহুড এগিয়ে (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের প্রেসিডেন্ট নির্বাচনে গত দুই দিনের ভোট গ্রহণ শেষে গণনা শুরু হয়েছে। এতে মুসলিম ব্রাদারহুডের ইসলামপন্থী প্রার্থী মোহাম্মদ মুরসি এগিয়ে আছেন বলে আজ শুক্রবার তাঁরা দাবি করেছেন। রয়টার্সে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।নির্বাচনে কোনো প্রার্থীর নিরঙ্কুশ প্রাধান্য নিয়ে এগিয়ে থাকার বিষয়ে অবশ্য সুস্পষ্ট আভাস পাওয়া যায়নি। মুরসির সঙ্গে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের শাসনামলের শীর্ষ দুই কর্মকর্তা আহমেদ শফিক ও আমর মুসার তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে।মুসলিম ব্রাদারহুডের দাবি, তাদের নেতা মোহাম্মদ মুরসি ভোট গণনায় এগিয়ে আছেন। এখনই সার্বিক ফলাফলের ব্যাপারে কিছু বলা না গেলেও ব্রাদারহুড আশা করছে তারা ভালো করবে।আট কোটি ২০ লাখ জনসংখ্যার এই দেশের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনার চিত্র বিভিন্ন ভোটকেন্দ্র থেকে দেশের টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়েছে। এ ধরনের ব্যবস্থা মোবারকের আমলে চিন্তাও করা যেত না। মিসরের ঐতিহাসিক প্রেসিডেন্ট নির্বাচনে গত বুধবার ও বৃহস্পতিবার ভোট নেওয়া হয়। ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে দুই দিনের এই ভোট গ্রহণ।গণ-আন্দোলনের মুখে হোসনি মোবারকের পতনের পর মিসরে এটিই প্রথম প্রেসিডেন্ট নির্বাচন। আরব বসন্তের জোয়ারে গত বছরের ফেব্রুয়ারি মাসে সাবেক প্রেসিডেন্ট মোবারকের পতন ঘটে। তাঁর পতনের পর থেকে দেশটির ক্ষমতায় রয়েছে সেনাবাহিনীর সর্বোচ্চ পরিষদ (এসসিএএফ)। মোবারকের তিন দশক ও পূর্ববর্তী শাসকদের শাসনামলের বিচার করলে মিসরে ৬০ বছরের মধ্যে এই প্রথম দেশটির নাগরিকেরা তাঁদের নেতা নির্বাচনের অপূর্ব সুযোগ পেয়েছেন।নির্বাচনে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মূল লড়াই চলছে মুসলিম ব্রাদারহুড-সমর্থিত ইসলামপন্থী ও ধর্মনিরপেক্ষ এবং বিপ্লবী ও মোবারক শাসনামলের মন্ত্রীদের মধ্যে। এর মধ্যে উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আরব লিগের সাবেক প্রধান আমর মুসা, মোবারকের অধীনে দায়িত্ব পালনকারী সর্বশেষ প্রধানমন্ত্রী আহমেদ শফিক, মুসলিম ব্রাদারহুডের নেতা মোহাম্মদ মুরসি, ইসলামপন্থী স্বতন্ত্র প্রার্থী আবদেল মোনেইম আবুল ফুতু ও হামদিন সাব্বাহি।