মিসরে ভোট গ্রহণের শেষ দিন আজ
মিসরে হোসনি মোবারক-পরবর্তী প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে আজ বৃহস্পতিবার দ্বিতীয় ও শেষ দিন ভোট নেওয়া হবে।স্থানীয় সময় সকাল আটটায় থেকে ভোটকেন্দ্রগুলোতে ভোট গ্রহণ শুরু হবে। কর্তৃপক্ষ আজকের দিনটিকে সরকারি ছুটির দিন ঘোষণা করেছে। রয়টার্সে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।গতকাল প্রথম দিনে ব্যাপক উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাররা ভোট দিয়েছেন। ভোটারদের লম্বা লাইন থাকার কারণে বিভিন্ন কেন্দ্রে এক ঘণ্টা সময় বাড়িয়ে রাত নয়টা পর্যন্ত ভোট নেওয়া হয়। নির্বাচনে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে মুসলিম ব্রাদারহুড-সমর্থিত ইসলামপন্থী এবং ধর্মনিরপেক্ষ ও মোবারকের শাসনামলের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে।দেশটির বেশির ভাগ এলাকায় শান্তিপূর্ণভাবে ভোট নেওয়া হলেও রাজধানী কায়রোয় প্রার্থী আহমেদ শফিকের গাড়িবহরে বিদ্রোহীরা জুতা ও পাথর ছোড়ে করে বলে খবর পাওয়া যায়। মোবারকের অধীনে দায়িত্ব পালনকারী সর্বশেষ প্রধানমন্ত্রী ছিলেন আহমেদ শফিক।মিসরের ন্যাশনাল কাউন্সিল ফর হিউম্যান রাইটস বিবিসিকে জানায় ৫০টি অভিযোগ পেয়েছেন। নির্বাচন উপলক্ষে মোট ১৩ হাজার ভোটকেন্দ্রে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।একজন নারী ভোটার বলেন, আজ খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। মিসরের পরিবর্তন আনার জন্য সত্যিই এটি একটি স্মরণীয় মুহূর্ত।