মিসরে রাতভর সংঘর্ষে নিহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থক ও বিরোধীদের মধ্যে এখন দফায় দফায় চলছে সংঘর্ষ। গতকাল শুক্রবার রাজধানী কায়রোসহ বিভিন্ন শহরে রাতভর সংঘর্ষে ৩০ জন নিহত হয়েছে। আজ শনিবার আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, গতকালের সংঘর্ষে ২৬ জন নিহত ও ৩১৮ জন আহত হয়েছে। এর মধ্যে আলেকজান্দ্রিয়ায় ১২ জন ও কায়রোয় তিনজন নিহত হয়। আজ সকালে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে জানানো হয়, সহিংসতায় প্ররোচনা দেওয়ার সন্দেহে ব্রাদারহুডের উপপ্রধান খাইরাত এল-সাতেরকে কায়রো থেকে গ্রেপ্তার করা হয়েছে।কায়রোয় গতকাল মুরসির সমর্থকেরা বড় ধরনের বিক্ষোভ সমাবেশ করে। এরপর তারা সেনাবাহিনীর সদর দপ্তরের দিকে এগোতে থাকলে সেনারা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনজন নিহত হয়। এর পরই মিসরজুড়ে নতুন করে সংঘর্ষের ঘটনা ছড়িয়ে পড়ে। তবে গুলিতে তিনজন নিহত হওয়ার অভিযোগ অস্বীকার করেছে সেনাবাহিনী। গতকালের এ সহিংস ঘটনার নিন্দা জানিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর সেনাবাহিনীসহ সব দলের প্রতি এ ধরনের সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে। জাতিসংঘের মহাসচিব বান কি মুন এ ধরনের ঘটনায় শঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন, মিসরবাসীকেই ঠিক করতে হবে তারা কীভাবে সামনের দিকে এগিয়ে যাবে। নারী-পুরুষ সবার অংশগ্রহণের মধ্য দিয়েই তা করতে হবে। মুরসির পদত্যাগের দাবিতে বিরোধীদের ব্যাপক বিক্ষোভের মুখে গত বুধবার তাঁকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় সেনাবাহিনী। সেনারা একটি অজ্ঞাত স্থানে তাঁকে আটক করে রেখেছে। একই সঙ্গে মুসলিম ব্রাদারহুডের শীর্ষস্থানীয় কয়েকজন নেতাকে আটক করা হয়েছে। মুসলিম ব্রাদারহুড ও তাদের রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড ফ্রিডম পার্টির হাজার হাজার কর্মী-সমর্থক গতকাল জড়ো হয় কায়রোর রাবা আল-আদাওয়িবা মসজিদসহ বিভিন্ন মসজিদের কাছে। জুমার নামাজের পর বিক্ষোভকারীরা রিপাবলিকান গার্ডের সদর দপ্তরের দিকে এগিয়ে যেতে থাকে। বিক্ষোভকারীদের ধারণা, আটকের পর ওই ভবনে মুরসিকে আটকে রাখা হয়েছে। এ সময় গুলিতে তিন বিক্ষোভকারী নিহত ও বহু লোক আহত হয়। সন্ধ্যার দিকে ব্রাদারহুডের হাজার হাজার সমর্থক মসজিদ চত্বর ও আশপাশের রাস্তায় নেমে আসে। দলের প্রধান মোহাম্মদ বাদি বিক্ষোভ সমাবেশে বলেন, ‘প্রেসিডেন্টকে ফিরিয়ে না আনা পর্যন্ত আমরা এখানেই থাকব।’ একই সঙ্গে তিনি তাঁদের শান্তিপূর্ণ বিক্ষোভে অস্ত্র ব্যবহার না করতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান। সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল আহমেদ আলী বলেন, ‘আমরা কোনো পক্ষকেই সমর্থন করছি না। বিক্ষোভকারীর জীবন রক্ষা করাই আমাদের কাজ।’ এরপর সিনাই উপত্যকায় জরুরি অবস্থা ঘোষণা করে সেখানে কারফিউ জারি করা হয়েছে বলে যে খবর ছড়িয়ে পড়ে, তা নাকচ করে দিয়েছে সেনাবাহিনী।।