মিসরে শপথ নিয়েছে অন্তর্বর্তী সরকার
মিসরে গতকাল মঙ্গলবার রাতে অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে। দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার ঘটনায় নেতৃত্ব দেওয়া সেনাবাহিনীর প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসি অন্তর্বর্তী সরকারের উপপ্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। আর প্রধানমন্ত্রী হয়েছেন হাজেম আল-বেবলাউয়ি। গতকাল বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।এই শপথ অনুষ্ঠানটি রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। এর আগে মুরসির পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হন প্রধান বিচারপতি আদলি মানসুর। মুরসির নিয়োগপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইব্রাহিমকে নতুন মন্ত্রিসভায় একই পদে রাখা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নাবিল ফাহমি, তেলমন্ত্রী হিসেবে শেরিফ ইসমাইল এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী হিসেবে মুনির ফখরি আবদেল নুরকে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন এ মন্ত্রিসভায় স্থান করে নিয়েছেন তিনজন নারী। এর মধ্যে মাহা এল-রাবাতকে দেওয়া হয়েছে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব।মুসলিম ব্রাদারহুডের মুখপাত্র জিহাদ এল হাদ্দাদ অন্তর্বর্তী এই সরকারকে ‘অবৈধ’ ঘোষণা করেছেন। তিনি রয়টার্সকে বলেন, ‘এটি অবৈধ সরকার। এর প্রধানমন্ত্রী অবৈধ, এর মন্ত্রিসভা অবৈধ। আমরা এদের কাউকে স্বীকার করি না।’কয়েক দিন গণবিক্ষোভের পর সেনাবাহিনী ৩ জুলাই মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে। এরপর থেকে তাঁকে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়েছে। সমর্থকদের দাবি, মুরসিকে সেনা অভ্যুত্থানের মাধ্যমে পদচ্যুত করা হয়েছে। এখনো তিনিই দেশটির বৈধ প্রেসিডেন্ট।মিসরের ইতিহাসে প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে এ পর্যন্ত সংঘর্ষে শতাধিক লোক নিহত হয়েছে।সেনাবাহিনী বলছে, জনগণের ইচ্ছাতেই মুরসিকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। অন্যদিকে মুসলিম ব্রাদারহুড বলেছে, সামরিক অভ্যুত্থান ঘটিয়ে নির্বাচিত প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করা হয়েছে।