মিসরে শেষ দফার পার্লামেন্ট নির্বাচন শুরু
মিসরে আজ মঙ্গলবার পার্লামেন্টের নিম্নকক্ষের তৃতীয় ও শেষ দফার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে। আজ মঙ্গলবার ও কাল বুধবার এ দুই দিনে মোট নয়টি প্রদেশে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রায় ১৫ লাখ ভোটার তাদের ভোট দেবেন।গত তিন মাসেরও বেশি সময় ধরে মোট তিন দফায় মিসরের পার্লামেন্টের নিম্নকক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ধারণা করা হচ্ছে, প্রথম ও দ্বিতীয় দফার মতো তৃতীয় ও শেষ দফার নির্বাচনের ফলাফলেও দেশটির ইসলামপন্থীরা আধিপত্য বজায় রাখবেন। প্রথম ও দ্বিতীয় দফার নির্বাচনে ৬২ শতাংশ ভোট পড়েছে। একসময়ের নিষিদ্ধঘোষিত মুসলিম ব্রাদারহুড ওই নির্বাচনের ফলাফলে সবার চেয়ে এগিয়ে আছে বলে দাবি করেছে।গত বছরের ফেব্রুয়ারিতে গণ-অভ্যুত্থানের মুখে মিসরের দীর্ঘদিনের স্বৈরশাসক হোসনি মোবারকের পতন ঘটে। বিগত ৬০ বছরের মধ্যে দেশটিতে এ প্রথম গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।