মিসরে সংঘর্ষ অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের রাজধানী কায়রোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আশপাশের এলাকায় নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। গতকাল শুক্রবার ওই এলাকায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং ৩৭৩ জন আহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-জাজিরা টেলিভিশনের অনলাইন জানিয়েছে। এ ছাড়া এ সময় অনেক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। সংঘর্ষের পরিপ্রেক্ষিতে দেশটির ক্ষমতাসীন সামরিক পরিষদ সংশ্লিষ্ট এলাকায় রাত্রিকালীন কারফিউ জারি করেছে। স্থানীয় সময় রাত ১১টা থেকে সকাল সাতটা পর্যন্ত এ কারফিউ জারি ছিল।সংঘর্ষের সময় উভয় পক্ষ পরস্পরের দিকে পাথর নিক্ষেপ করে। একপর্যায়ে সেনারা বিক্ষোভকারীদের লক্ষ্য করে জল কামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে তাদের ছত্রভঙ্গ হয়ে যায়। এদের মধ্যে অনেক বিক্ষোভকারী তাহরির স্কয়ারে বিক্ষোভে যোগ দেয়।এর আগে গত বুধবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাইরে বিক্ষোভকারীদের ওপর অজ্ঞাতনামা সন্ত্রাসীরা হামলা করে। এতে অন্তত ২০ ব্যক্তি নিহত হয়। এ হামলার জন্য সরকারকে দায়ী করেছে বিক্ষোভকারীরা।মিসরের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র তিন সপ্তাহ বাকি। এ অবস্থায় দেশটিতে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে। চলমান এ বিক্ষোভ আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকেরা।