মিসরে সংঘর্ষে আহত ৬১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসরের রাজধানী কায়রোতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে কমপক্ষে ৬১ জন আহত হয়েছে। কায়রোর চিকিত্সা কর্মকর্তাদের বরাত দিয়ে গতকাল মঙ্গলবার বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত বছর কায়রোর রাজপথে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের রক্তক্ষয়ী সংঘর্ষের প্রথম বছর পূর্তি উপলক্ষে সোমবার ও গতকাল মঙ্গলবার বিক্ষোভ হয়। গত বছরের ওই সংঘর্ষে ৪০ জন নিহত হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাওয়ার একটি রাস্তায় গত বছর নির্মিত প্রতিবন্ধক বিক্ষোভকারীরা সরানোর চেষ্টা করলে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। তারা পুলিশের দিকে পাথর ও পেট্রলবোমা ছোড়ে। পুলিশও পাল্টা জবাব দেয়। এতে উভয় পক্ষের প্রায় ৬১ জন আহত হয়। নিরাপত্তা বাহিনী ১৯ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে।