মিসরে সভা-সমাবেশ ও ধর্মঘট নিষিদ্ধের ঘোষণা আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে ক্ষমতাসীন সামরিক কর্তৃপক্ষ আজ সোমবার সভা-সমাবেশ ও ধর্মঘট নিষিদ্ধ করে আদেশ জারি করতে যাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স মিসরের সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ওই আদেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হবে।এখন হাজার হাজার বিক্ষোভকারী মোবারকবিরোধী আন্দোলনের প্রধান কেন্দ্র তাহরির স্কয়ার ছাড়ছে। কায়রো থেকে বিবিসি জানিয়েছে, তাহরির স্কয়ার প্রায় ফাঁকা হয়ে আসছে। তবে কিছু কট্টর বিক্ষোভকারী এখনো সেখানে অবস্থান করছে। এসব বিক্ষোভকারী বলছে, সংস্কারের সময়সীমার ছক নিরূপণ পর্যন্ত তারা সেখানে অবস্থান করবে। মিসরের সামরিক সূত্র জানায়, তারা শ্রমিক ও পেশাজীবীদের সভা-সমাবেশ ও ধর্মঘটকে নিষিদ্ধ ঘোষণা করে আজ একটি আদেশ জারি করবে। ওই আদেশে সব মিসরীয়কে নিজ নিজ কাজে ফিরে যেতে বলবে কর্তৃপক্ষ। সরকারবিরোধী আন্দোলনে অনুপ্রাণিত হয়ে মিসরের শ্রমিক ও পেশাজীবীদের একটি অংশ বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছে।টানা ১৮ দিনের বিক্ষোভের মুখে গত শুক্রবার মিসরের সামরিক বাহিনীর সর্বোচ্চ পর্ষদের (সুুপ্রিম কাউন্সিল) কাছে ক্ষমতা ছেড়ে দিয়ে পদত্যাগ করেন সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক। সুপ্রিম কাউন্সিল গতকাল জানিয়েছে, তারা পার্লামেন্ট ভেঙে দিয়েছে এবং সংবিধান স্থগিত করেছে। এ ছাড়া তারা আগামী ছয় মাস অথবা নির্বাচন হওয়া পর্যন্ত ক্ষমতায় থাকবে। মোবারকবিরোধী অনেক বিক্ষোভকারী এ ঘোষণাকে স্বাগত জানিয়েছে।