মিসরে সরকার ও বিরোধী সমর্থকদের মধ্যে সংঘর্ষ
মিসরের রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে গতকাল শুক্রবার প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের সঙ্গে বিরোধীদের সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে ১৪ ব্যক্তি আহত হয়েছে। আল জাজিরা টেলিভিশনের অনলাইন এ খবর জানিয়েছে।প্রেসিডেন্ট মুরসি একচ্ছত্র ক্ষমতা দখল করতে চান বলে অভিযোগ করে সরকারবিরোধীরা গতকাল শুক্রবার কায়রোর রাজপথে বিক্ষোভ করেন। তাঁরা মুসলিম ব্রাদারহুডের আয়ের উত্স অনুসন্ধানেরও দাবি জানান।মুরসি-বিরোধীদের এ বিক্ষোভের পাল্টা কর্মসূচি হিসেবে ব্রাদারহুড তরুণ সমর্থকদের রাজপথে নেমে আসার আহ্বান জানায়। কায়রোর তাহরির স্কয়ারে উভয় পক্ষের পাল্টাপাল্টি বিক্ষোভের একপর্যায়ে প্রতিপক্ষরা পরস্পরের দিকে পাথর নিক্ষেপ এবং লাঠি নিয়ে মারামারিতে লিপ্ত হয়। এতে ১৪ ব্যক্তি আহত হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।তাহরির স্কয়ার ছাড়াও কায়রো ও আলেকজান্দ্রিয়ার বিভিন্ন এলাকায় বিক্ষোভ হয়েছে। এ বিক্ষোভে কয়েক হাজার মানুষ অংশ নিয়েছে।ইসলামপন্থী দল মুসলিম ব্রাদারহুডের নেতা মুরসি প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার দুই মাসেরও কম সময়ের মধ্যে এই বিক্ষোভ তাঁর জনপ্রিয়তার প্রথম পরীক্ষা বলে বিবেচনা করছেন বিশ্লেষকেরা।