মিসরে সামরিক কাউন্সিল অপসারণের দাবিতে বিক্ষোভ
মিসরে বর্তমান সামরিক কাউন্সিল বাতিলের দাবিতে গতকাল মঙ্গলবার হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। রাজধানী কায়রোয় মন্ত্রিপরিষদ সদর দপ্তরের সামনে এবং আলেকজান্দ্রিয়া ও সুয়েজ শহরে এ বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভকারীরা গতকাল তাহরির স্কয়ার থেকে মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যায়। এ সময় তারা ‘সামরিক শাসনের পতন হোক’ ও ‘জনগণ ফিল্ড মার্শালের অপসারণ চাই’ ইত্যাদি স্লোগান দেয়। মোহাম্মদ আবদেল ওয়াজেদ নামের একজন বিক্ষোভকারী বলেন, সামরিক কাউন্সিল ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের নীতিগুলোই অনুসরণ করছে। ব্যাপক গণবিক্ষোভের মুখে গত ১১ ফেব্রুয়ারি সামরিক কাউন্সিলের কাছে ক্ষমতা হস্তান্তর করে সরে দাঁড়ান সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক। এই কাউন্সিলের প্রধান জেনারেল মোহাম্মদ হোসেন তান্তাবি। তিনি হোসনি মোবারকের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন।দ্রুত সংস্কার কর্মসূচি বাস্তবায়ন ও হোসনি মোবারকের আমলের কর্মকর্তাদের দুর্নীতির বিচারের দাবিতে তাহরির স্কয়ারে গত শুক্রবার থেকে বিক্ষোভ চলছে। আলেকজান্দ্রিয়া ও সুয়েজ শহরেও একই দাবিতে গতকাল সরকারবিরোধীরা বিক্ষোভ দেখায়।প্রধানমন্ত্রী এশাম শারাফ মন্ত্রিপরিষদে পরিবর্তন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবর্তনসহ নানা প্রতিশ্রুতি দিয়ে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করছেন। তবে বিক্ষোভকারীরা প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করেন। মিসরে সেপ্টেম্বরে পার্লামেন্ট নির্বাচন এবং এরপরই প্রেসিডেন্ট নির্বাচনের কথা রয়েছে।