মিসরে সামরিক কারাগারে বলপূর্বক সতীত্ব পরীক্ষা নিষিদ্ধ
মিসরের একটি আদালত দেশটির সামরিক কারাগারে বন্দী নারীদের বলপূর্বক সতীত্ব পরীক্ষা নিষিদ্ধ করার আদেশ দিয়েছেন। গতকাল মঙ্গলবার এ আদেশ দেওয়া হয়েছে বলে আল জাজিরা টেলিভিশনের অনলাইন জানিয়েছে।এ ব্যাপারে সামিরা ইব্রাহিম নামের এক নারীর দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত এ রায় দিয়েছেন। ওই নারী অভিযোগ করেছেন, গত মার্চে কায়রোর তাহরির স্কয়ারে বিক্ষোভের সময় তাঁকে আটক করা হয়। পরে সামরিক কারাগারে সেনাসদস্যরা তাঁকে সতীত্ব পরীক্ষা দিতে বাধ্য করেছেন।মানবাধিকার সংগঠনগুলো দাবি করেছে, মিসরের সামরিক কারাগারে এ ধরনের অসংখ্য ঘটনা ঘটেছে।কায়রোর প্রশাসনিক আদালতের প্রধান অ্যালি ফেকরি বলেছেন, সামরিক কারাগারের ভেতরে মেয়েদের সতীত্ব পরীক্ষা বন্ধ করতে আদালত নির্দেশ দিয়েছেন।এই নির্দেশের পর আদালতের বাইরে জড়ো হওয়া শত শত নারী এই রায়ে তাঁদের উচ্ছ্বাস প্রকাশ করেন। মানবাধিকার সংগঠনগুলো আদালতের এ আদেশকে স্বাগত জানিয়ে বলছে, এ বিষয়ে আরও কাজ করা দরকার। যারা এ ধরনের পরীক্ষা করার নির্দেশ দেয় এবং যারা তা কার্যকর করে, তাদের বিচারের মুখোমুখি করতে হবে।তবে আদালতের এ আদেশে দেশটির সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান আবদেল মৌসুরি হতাশা প্রকাশ করে একে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন।