মিসরে সাম্প্রদায়িক সংঘাতে নিহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে গত শনিবার থেকে শুরু হওয়া সাম্প্রদায়িক সহিংসতায় কমপক্ষে ১২ জন নিহত ও ২৩৮ জন আহত হয়েছে। খবর রয়টার্সের। সাম্প্রদায়িক এই সংঘাতকে কেন্দ্র করে মিসরের সেনা-সমর্থিত সরকার বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে জানা গেছে।দেশটির সেনাবাহিনী জানিয়েছে, শনিবারের এ সহিংসতার ঘটনায় ১৯০ জনকে সামরিক আদালতে বিচারের সম্মুখীন করা হতে পারে। গতকাল ফিল্ড মার্শাল মোহাম্মদ হুসেইন তানতায়ের পদত্যাগের দাবিতে বহু খ্রিষ্টান যুবককে কায়রোতে রাষ্ট্রীয় টেলিভিশন ভবনের সামনে জড়ো হতে দেখা যায়। মোহাম্মদ হুসেইন গত ফেব্রুয়ারি থেকে দেশটির সামরিক বাহিনী পরিচালনা করছেন। এ সময়ে মুসলিম ধর্মাবলম্বীরাও সেখানে জড়ো হতে থাকে। দুই পক্ষের মধ্যেই উত্তেজনা বিরাজ করতে থাকে। একপর্যায়ে একে অপরের দিকে পাথরের টুকরা ছুড়তে থাকে। এতে উভয় পক্ষের ৪২ জন আহত হয়েছে বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘মিনা’ জানিয়েছে। সংঘর্ষ থেমে গেলেও কয়েক শ বিক্ষোভকারী অনেক রাত পর্যন্ত সেখানে ছিল।হাসপাতালে চিকিত্সাধীন আহত মুসলিম ও খ্রিষ্টানদের শরীরে ছোট ছোট ক্ষতের চিহ্ন দেখা যায়। ধারণা করা হচ্ছে, শর্টগানের গুলিতে তারা আহত হয়েছে। আহতদের মধ্যে প্রায় ৬৫ জনের শরীরে এ ধরনের ক্ষতের চিহ্ন রয়েছে।এর আগেও এ ধরনের সহিংসতার ঘটনা দেশটিতে ঘটে। গত মার্চে গুজব ছড়িয়ে পড়ে মুসলিম ধর্ম গ্রহণকারী একজন নারীকে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা অপহরণ করেছে। এ ঘটনায় একটি চার্চ পুড়িয়ে দিলে ১৩ জন নিহত হয়।