মিসরে সেনাদের ক্ষমতা আঁকড়ে রাখার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের ক্ষমতাসীন সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ পরিষদ (স্কাফ) নতুন এক সাংবিধানিক প্রজ্ঞাপন জারি করেছে। এতে সামরিক বিষয়গুলোতে প্রায় একচ্ছত্র স্বায়ত্তশাসন পেতে যাচ্ছে তারা। নতুন সংবিধানের খসড়ায়ও তাদের প্রভাব খাটানোর বিষয়টি থাকছে। গতকাল রোববার দেশটির সরকারি গেজেটে এটি প্রকাশিত হয়। আজ সোমবার আল জাজিরায় প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।রক্তক্ষয়ী বিপ্লবের জের ধরে সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের পতনের পর মিসরের মানুষ যখন বহুদলীয় পদ্ধতিতে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে একজন নতুন প্রেসিডেন্টের জন্য অপেক্ষা করছে, এ সময় অন্তর্বর্তী সামরিক সরকারের এ ঘোষণাকে তাদের ক্ষমতা আঁকড়ে রাখার শেষ চেষ্টা হিসেবে দেখছেন অনেকে।আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত রোববার রাতে প্রেসিডেন্ট নির্বাচন শেষ হওবার কয়েক ঘণ্টার মধ্যে এই প্রজ্ঞাপন জারি করা হয়। দেশটির সংবাদমাধ্যমে জানানো হয়, আজ সোমবার প্রজ্ঞাপনের বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হবে। নতুন এই ক্ষমতা বলে সেনাবাহিনী প্রয়োজন অনুযায়ী যেকোনো আইন প্রণয়নের অধিকার রাখবে।প্রতিবেদনে বলা হয়, এর পর থেকে স্কাফ সামরিক যেকোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে সর্বোচ্চ ক্ষমতা ভোগ করবে, নতুন সংবিধান রচনায় ভেটো প্রদানের ক্ষমতা রাখবে এবং রাষ্ট্রের বাজেট তৈরি করতে পারবে।আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের গবেষক হেবা মোরায়েফ টুইটারে বলেছেন, ৩০ জুনের মধ্যে নির্বাচিত সরকারের কাছে সেনাবাহিনীর ক্ষমতা হস্তান্তরের যে ঘোষণা দেওয়া হয়েছিল, সংবিধানের এই নতুন সংশোধন তা ‘অর্থহীন’ করে তুলল। প্রখ্যাত রাজনীতিক মোহাম্মদ এলবারাদি বিবিসিকে বলেন, এই সংশোধন ‘গণতন্ত্র ও বিপ্লবের জন্য গভীর সঙ্কট’ সৃষ্টি করবে।ইজিপশিয়ান ইনিসিয়েটিভ ফর পারসোনাল রাইটসের হোসাম বাহগাত আল জাজিরাকে বলেন, এর মধ্য দিয়ে মিসরের রাষ্ট্রীয় ক্ষমতা ‘সামরিক স্বৈরাচারের অধীনে’ যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন হলো।স্কাফের জারি করা এই ঘোষণা অনুযায়ী, নতুন সংবিধান রচিত হওয়ার আগে আর কোনো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে না। নির্বাচিত সরকার বা পার্লামেন্টের সদস্যরা যদি কোনো কারণে সংবিধান প্রণয়ন করতে না পারেন, তবে স্কাফের প্রধান সেই পার্লামেন্ট বাতিল করার ক্ষমতা রাখবেন। এর পরও কোনো কারণে নতুন আইনসভা গঠিত না হলে স্কাফের প্রধান সুপ্রিম কোর্টের মাধ্যমে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।নতুন প্রজ্ঞাপনে সাবেক প্রেসিডেন্ট মুবারাকের সময়কার প্রতিরক্ষামন্ত্রী ও ফিল্ডমার্শাল হুসেইন তানতাবিকে স্কাফের প্রধান হিসেবে ঘোষণা করা হয়েছে। এর পর থেকে স্কাফ নিজেই নিজের সদস্যদের নিয়োগ ও অনুমোদন দেবে। এর ওপরে সরকারের কোনো কর্তৃত্ব থাকবে না। সরকার স্কাফের অনুমতি ছাড়া কোনো যুদ্ধ ঘোষণা করতে পারবে না।