মিসরে ১৪ জন জঙ্গির মৃত্যুদণ্ড
গত বছর মিসরের সিনাই উপত্যকায় সেনাবাহিনী ও পুলিশের ওপর হামলার দায়ে আজ সোমবার ১৪ জন জঙ্গিকে মৃত্যুদণ্ড দিয়েছে ওই দেশের একটি আদালত। রয়টার্সের খবরে বলা হয়, ২০১১ সালের জুন ও জুলাই মাসে তিনজন পুলিশ কর্মকর্তা, একজন সেনা কর্মকর্তা ও একজন সাধারণ মানুষকে হত্যার দায়ে ‘তাওহিদ ও জিহাদ’ নামের একটি সংগঠনের সদস্যদের এ শাস্তি দেওয়া হয়। আদালত থেকে জানানো হয়েছে, অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে আটজন এখনো পলাতক। রায়ের পর দোষী ব্যক্তিদের স্বজনেরা মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিরুদ্ধে রায় প্রভাবিত করার অভিযোগ আনেন। মুরসি নিজে একটি ইসলামি দলের প্রতিনিধি। স্বজনদের একজন অভিযোগ করেন, ‘মুরসি একজন বেইমান। যারা তাঁর অনুসারী তারাও বেইমান।’রায় ঘোষণার সময় বিচারকক্ষের কাঠগড়ায় বসা একজন রায় শুনে ‘আল্লাহু আকবার’ বলে চিত্কার করে ওঠেন।২০১১ সালের ফেব্রুয়ারিতে জনবিক্ষোভের মুখে সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক ক্ষমতা থেকে উত্খাত হওয়ার পর সিনাই উপত্যকার আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে। গত বছরের আগস্ট মাসে সিনাইয়ে ইসলামপন্থী জঙ্গিদের হামলায় ১৬ জন মিসরীয় সীমান্তরক্ষী নিহত হওয়ার পর ওই এলাকায় সেনাবাহিনী ও পুলিশ জঙ্গিবিরোধী যৌথ অভিযান শুরু করে।