মিসরে ২৭ এপ্রিল থেকে নির্বাচন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে আগামী ২৭ এপ্রিল থেকে পার্লামেন্ট নির্বাচন শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। গতকাল বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি আদেশ (ডিক্রি) জারি করেন তিনি। আদেশে বলা হয়, ২৭ এপ্রিল থেকে শুরু হয়ে চার ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন শেষ হবে জুনের শেষ সপ্তাহে। গতকাল বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।ডিক্রি অনুযায়ী, নতুন পার্লামেন্টের অধিবেশন বসবে আগামী ৬ জুলাই। এ নির্বাচনের মধ্য দিয়ে মিসরে চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা দূর হবে বলে আশা করছে ক্ষমতাসীন ইসলামপন্থী দল ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি। সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের পতনের পর নির্বাচনের মধ্য দিয়ে জয়লাভ করে ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট মুরসি ও তাঁর দল। তবে বিরোধী দলগুলোর দাবি, প্রেসিডেন্ট মুরসি মোবারক আমলের মতোই মিসরে নতুন করে স্বৈরতন্ত্র কায়েম করেছেন। তবে মুরসি ও তাঁর দল ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন।বিশ্লেষকদের মতে, বিরোধী দলগুলো এ নির্বাচনে অংশ নেবে, নাকি একে অবৈধ প্রক্রিয়া হিসেবে চিহ্নিত করে বর্জন করবে—তাদের এখন সেই সিদ্ধান্ত নিতে হবে। এটি এখন তাদের জন্য প্রকৃত অর্থেই ‘উভয়সংকট’ বলে মন্তব্য করেছেন বিশ্লেষকেরা।