মিসরে ৭০ জেনারেলকে অবসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের সশস্ত্র বাহিনীর জেনারেল পদমর্যাদার ৭০ জন কর্মকর্তাকে অবসর দিয়েছে সরকার। তবে এর মধ্যে ছয়জন সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ ক্ষমতাধর সুপ্রিম কাউন্সিল অব দ্য আর্মড ফোর্সেসে (স্কাফ) তাঁদের আগের অবস্থানেই থাকবেন। সম্প্রতি প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া জেনারেল আবদুল ফাত্তাহ আল সিসি এসব পরিবর্তনের কথা ঘোষণা করেন।গতকাল রোববার বিবিসি জানায়, দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট মুরসি তাঁর প্রতিরক্ষামন্ত্রী ও চিফ অব স্টাফকে রদবদলের মাত্র কয়েক সপ্তাহ পরই সরকারের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হলো। সরকারের এ ধরনের সিদ্ধান্ত সামরিক বাহিনীর ওপর মুরসির কর্তৃত্ব দেখানোর প্রয়াস বলে মনে করছেন বিশ্লেষকেরা। তা ছাড়া রদবদলের এ ধারায় সামরিক বাহিনীতেও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে বলে তাঁরা মনে করছেন।গত জুলাইয়ে আনুষ্ঠানিকভাবে মিসরের প্রথম গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির হাতে ক্ষমতা হস্তান্তর করে স্কাফ। এরপর গত আগস্টে ফিল্ড মার্শাল মোহাম্মদ হুসেইন তানতাউইয়ের সঙ্গে জেনারেল সিসির পদে রদবদল করেন মুরসি। এর ফলে ফিল্ড মার্শাল মোহাম্মদ হুসেইন তানতাউই সশস্ত্র বাহিনীর প্রধান ও জেনারেল সিসি প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এ ছাড়া জেনারেল সামি ইনানের পদেও রদবদল আনা হয়। স্কাফের গুরুত্বপূর্ণ এ দুজন সদস্য মোহাম্মদ মুরসির উপদেষ্টা হিসেবে বহাল থাকবেন বলেও ঘোষণা দেওয়া হয়েছে।সেনাবাহিনীর অনুক্রমে এমন বড় ধরনের পরিবর্তনের আগে প্রতিষ্ঠানটির অন্তত কয়েকজন সদস্যের সঙ্গে পরামর্শ করা প্রয়োজন ছিল বলে মনে করেন বিশ্লেষকেরা।