মিসরেও সরকারবিরোধী বিক্ষোভ, তিনজন নিহত
মিসরে সরকারবিরোধী বিক্ষোভে কমপক্ষে ৩ ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পুলিশ সদস্য এবং দুইজন সাধারণ বিক্ষোভকারী রয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আজ বুধবার এ কথা জানিয়েছেন। মিসরে গতকাল মঙ্গলবার প্রেসিডেন্ট হোসনি মোবারকের পদত্যাগের দাবিতে হাজার হাজার বিক্ষোভকারী রাজপথে নেমে আসে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি, টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে। সাময়িকভাবে সে সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও আজ বুধবার প্রথম প্রহরে আবারও হাজার হাজার বিক্ষোভকারী রাজধানী কায়রোর কেন্দ্রস্থলে বিক্ষোভ শুরু করেছে। কায়রোর কেন্দ্রস্থল বলে খ্যাত তাহরির স্কয়ারে বিক্ষোভকারীদের ছোড়া পাথরের আঘাতে একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে। অপরদিকে মিসরের পূর্বাঞ্চলীয় নগর সুয়েজে দুই বিক্ষোভকারী নিহত হয়েছেন। বিক্ষোভ দমাতে সরকার মিসরে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটার বন্ধ করে দিয়েছে। মুঠোফোনে আরোপ করা হয়েছে কঠোর নিয়ন্ত্রণ। তবে বিক্ষোভকারীরা এখন নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করতে সামাজিক যোগাযোগের আরেক ওয়েবসাইট ফেসবুক ব্যবহার করছে।বিশ্লেষকেরা বলছেন, প্রেসিডেন্ট হোসনি মোবারকের অপশাসনে অতিষ্ঠ মিসরের সাধারণ মানুষ তিউনিসিয়ার ঘটনায় উত্সাহিত হয়ে সরকারবিরোধী আন্দোলনে নেমেছে। হোসনি মোবারক ১৯৮১ সাল থেকে মিসরে ক্ষমতায় আছেন। রয়টার্স/বিবিসি/আল-জাজিরা অনলাইন।