মিসরের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হতে আগ্রহী এল বারাদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএইএ-এর সাবেক প্রধান ও মিসরের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ মোহাম্মদ এল বারাদি বলেছেন, যদি দেশটির সেনা শাসকেরা তাঁকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী করেন, তাহলে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। এল বারাদির বরাত দিয়ে তাঁর দপ্তর গতকাল শনিবার এ কথা জানিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স ও আল জাজিরা টেলিভিশনের অনলাইন জানিয়েছে। এল বারাদি গতকাল শনিবার দেশটির সেনা শাসকদের সুপ্রিম কাউন্সিলের প্রধানের সঙ্গে সাক্ষাত্ করেন। ওই সাক্ষাত্কারে সেনা কর্তৃপক্ষকে তিনি জানিয়েছেন, যদি তাঁকে মন্ত্রিসভা গঠনের প্রস্তাব দেওয়া হয়, তাহলে তিনি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার চিন্তা বাদ দেওয়ার জন্য প্রস্তুত আছেন।এদিকে মিসরের রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে এখনো বিক্ষোভকারীরা অবস্থান করছে। বেসামরিক নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবিতে আজ রোববার আবারও গণবিক্ষোভের ডাক দিয়েছে তারা।আগামীকাল সোমবার দেশটিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকদের মতে, সেনা শাসনবিরোধী বিক্ষোভের কারণে এ নির্বাচন হুমকির মুখে পড়েছে। তবে আগামীকালের পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সেনা কর্তৃপক্ষ তাদের সুদৃঢ় অবস্থান ব্যক্ত করেছে। এদিকে গতকাল শনিবার বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনের দিকে যেতে চাইলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে। এ নিয়ে গত কয়েক দিনের সেনা শাসনবিরোধী বিক্ষোভে দেশটিতে ৪২ ব্যক্তি নিহত হয়েছে। বেসামরিক নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবির পাশাপাশি বিক্ষোভকারীরা নতুন প্রধানমন্ত্রী কামাল এল গানজুরির নিয়োগ প্রত্যাখ্যান এবং পার্লামেন্ট নির্বাচন স্থগিত করার দাবি জানিয়েছে।