মিসরের তিন শহরে জরুরি অবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের পোর্ট সৈয়দ, ইসমাইলিয়া ও সুয়েজ শহরে এক মাসের জন্য জরুরি অবস্থা ও রাত্রিকালীন কারফিউ জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। আজ সোমবার থেকে এ ঘোষণা কার্যকর হবে। গতকাল রোববার বার্তা সংস্থা রয়টার্স ও আল জাজিরা অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।গতকাল টেলিভিশনে দেওয়া এক ভাষণে এ ঘোষণা দেন মুরসি। দেশটিতে চার দিন ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষে ৪৯ জন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।ভাষণে মুরসি বলেন, ‘আমি জরুরি অবস্থার বিরুদ্ধে—এটা আমি বলেছি। তবে এ কথাও বলেছি যে রক্তপাত বন্ধে ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনে আমাকে এ ব্যবস্থা নিতে হবে।’মুরসি জানান, পোর্ট সৈয়দ, ইসমাইলিয়া ও সুয়েজ—এ তিনটি শহরে আজ থেকে আগামী এক মাস প্রতিদিন রাত নয়টা থেকে সকাল ছয়টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। সহিংসতা দমনে প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন মুরসি।একই সঙ্গে উদ্ভূত সমস্যার সমাধানে দেশটির শীর্ষ রাজনীতিবিদদের সঙ্গে আলোচনারও ডাক দিয়েছেন তিনি। আজ থেকে প্রেসিডেন্ট ভবনে এ আলোচনা শুরুর কথা।এদিকে জরুরি অবস্থা জারির প্রতিবাদে গতকাল পোর্ট সৈয়দ, ইসমাইলিয়া ও সুয়েজ শহরে বিক্ষোভ করেছে কয়েক শ মানুষ। সরকারঘোষিত কারফিউ অমান্য করারও ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা।মিসরে সরকার-সমর্থক ও বিরোধীদের মধ্যে গতকাল রোববার টানা চার দিনের মতো সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা ৪৮ জনে পৌঁছেছে। বর্তমান পরিস্থিতিকে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির জন্য সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করা হচ্ছে।মিসরে হোসনি মোবারকের পতনের দ্বিতীয় বর্ষপূর্তিতে গত বৃহস্পতিবার দেশের বিভিন্ন অঞ্চলে সরকার-সমর্থক ও বিরোধীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। পরদিন বিভিন্ন স্থানে সহিংসতা চলে। এসব ঘটনায় গুলিতে অন্তত নয়জন নিহত হয়।গত বছর মিসরে ফুটবল স্টেডিয়ামে সহিংসতার ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে গত শনিবার ২১ জনকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হলে নতুন করে সহিংসতা শুরু হয়। এতে শুধু পোর্ট সৈয়দে ৩৩ জন নিহত হয়। সব মিলিয়ে গতকালও সহিংসতা অব্যাহত ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পোর্ট সৈয়দ ও সুয়েজে সেনা মোতায়েন করা হয়েছে।