মিসরের নতুন প্রধানমন্ত্রী হেশাম কান্দিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসি আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে সাবেক সেচমন্ত্রী হেশাম কান্দিলের নাম ঘোষণা করেছেন। মিসরের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বার্তার বরাত দিয়ে আল-জাজিরা টেলিভিশন জানিয়েছে, সাবেক সেচমন্ত্রী হেশাম কান্দিলের সামনে প্রধান চ্যালেঞ্জ হবে একটি সন্তোষজনক মন্ত্রিপরিষদ গঠন করা।মিসরের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার ২৫ দিন পর মোরসি এই ঘোষণা দিলেন। গত বছরের জানুয়ারিতে জনবিক্ষোভের মুখে হোসনি মোবারকের পতনের পর মোরসি দেশটির প্রথম নির্বাচিত ও বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন।মোবারকের সরকারের পতনের পর দেশটির সামরিক বাহিনীর নেতৃত্বে যে সুপ্রিম কাউন্সিল অব আর্মড ফোর্সেস (স্কাফ) ক্ষমতা গ্রহণ করে, তা এখনো অনেক শক্তিশালী এবং জাতীয় নিরাপত্তা বিষয়ে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। স্কাফের অধীনে নতুন প্রধানমন্ত্রী কতটুকু সাফল্যের পরিচয় দেবেন, তা এখনো পরিষ্কার নয়।বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক সম্পর্ক, জাতীয় বাজেট এবং সেনাবাহিনীর দিকে তাকিয়ে কান্দিল ও মোরসি কী ধরনের মন্ত্রিসভা গঠন করবেন, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সেনাবাহিনী ইতিমধ্যে বলে দিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী নির্ধারিত হবে তাদের ইচ্ছায়।দেশটির উদারপন্থী সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির অন্যতম নেতা এমাদ গাদ বলেন, মন্ত্রিসভার সদস্য হিসেবে মোরসি যাঁদের নাম বিবেচনা করছেন, তাঁদের অনেকেই এসব পদ চান না। কারণ, তাঁরা মনে করেন, মোরসির অধীনে মন্ত্রী হিসেবে কাজ করা মানেই মুসলিম ব্রাদারহুডের কর্মসূচি বাস্তবায়ন করা। মুসলিম ব্রাদারহুড চায় দেশটির সরকার-ব্যবস্থা ও অর্থনৈতিক অবকাঠামোকে পাল্টে ইসলামিকরণ করতে।এর আগে মোরসি মুসলিম ব্রাদারহুডের বাইরে কাউকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ৪০ বছর বয়সী নতুন প্রধানমন্ত্রী হেশাম কান্দিল মোরসির মতোই লেখাপড়া করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। তিনি কোনো ইসলামি দল বা গ্রুপের সঙ্গে জড়িত নন। ব্যক্তিগত জীবনে কান্দিল ধার্মিক। তবে মাঝেমধ্যে ধর্মবিশ্বাস নিয়ে সরস মন্তব্য করতেও তিনি ছাড়েন না।মোরসির মুখপাত্র ইয়াসের আলী বলেন, দেশের বর্তমান পরিস্থিতিকে দক্ষতা ও সাফল্যের সঙ্গে মোকাবিলা করার জন্য কান্দিলের মতো একজন দেশপ্রেমিক ও স্বাধীনচেতা ব্যক্তিকে খোঁজা হচ্ছিল।