মিসরের নতুন সংবিধান অনুমোদন পাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের নতুন সংবিধান দ্বিতীয় পর্যায়ের গণভোটের মাধ্যমে অনুমোদিত হতে চলেছে। গতকাল শনিবার শেষ হওয়া গণভোটের প্রাথমিক ফলাফল এমন ইঙ্গিতই দিচ্ছে বলে জানিয়েছে বিবিসি। বিবিসি আজ রোববার জানায়, দুই পর্যায়ে গণভোটের আয়োজন করা হয়। ১৫ ডিসেম্বর প্রথম পর্যায়ের ভোট অনুষ্ঠিত হয়। এরপর গতকাল শনিবার দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণ শেষ হয়। তবে ভোট শেষ হওয়ার ঘণ্টা খানেক আগে মিসরের উপপ্রধানমন্ত্রী মাহমুদ মেক্কি পদত্যাগ করেন। কাল সোমবারের আগে গণভোটের চূড়ান্ত ফল জানা সম্ভব হবে না। দুই পর্যায়ের এ ভোটে প্রায় ৬৩ শতাংশ ভোটার পুরোনো সংবিধানে ফিরে যাওয়ার প্রস্তাব দিয়েছেন বলে মিসরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে ইঙ্গিত দেওয়া হয়েছে।বিবিসি আরও জানায়, এ সংবিধান মিসরে গণতন্ত্রকে নিশ্চিত করবে ও স্থিতিশীলতা ফিরিয়ে আনবে বলে মনে করেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ইসলামপন্থী দলের সমর্থকেরা। আজ রোববার সকালে মুসলিম ব্রাদারহুডের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্বিতীয় পর্যায়ে প্রায় ৭০ শতাংশ ভোটার নতুন সংবিধান অনুমোদনের পক্ষে রায় দিয়েছেন। বিরোধী ন্যাশনাল স্যালভেশন ফ্রন্টও জনগণের এ রায় মেনে নিয়েছেন। ফ্রন্টের মুখপাত্র খালেদ দাউদ জানান, নতুন সংবিধানের পক্ষে জনগণ ‘হ্যাঁ’ বলেছেন। রাজধানী কায়রোর দক্ষিণ-পশ্চিমের গিজা এলাকার একটি ভোটকেন্দ্রে ভোট দেন ১৯ বছরের আহমেদ মোহাম্মদ নামের এক আইনের ছাত্র। নতুন সংবিধানের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিয়ে তিনি জানান, মিসরে একটি স্থিতিশীল সংবিধান দরকার। তবে একই ভোটকেন্দ্রে ৫০ বছর বয়সী জারিফা আবদুল আজিজ নামের এক নারী ভোট দিয়ে জানান, তিনি ‘না’ ভোট দিয়েছেন। কারণ তিনি মুসলিম ব্রাদারহুডের কোনো কাজ নিয়েই সন্তুষ্ট নন।