মিসরের নির্বাচনের সমালোচনা করলো যুক্তরাষ্ট্র
মিসরে গত সপ্তাহের শেষে অনুষ্ঠিত নির্বাচনের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উত্থাপন করে এর কড়া সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র পি জে ক্রাউলি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, বিভিন্ন পর্যবেক্ষকের প্রতিবেদনে ভোটারদের ভয় দেখানো, বিরোধী দলের সমর্থকদের গ্রেপ্তার এবং স্বাধীনভাবে নির্বাচন পর্যবেক্ষণে নিষেধাজ্ঞার বিষয়টি উঠে এসেছে। বিবৃতিতে আরও বলা হয়, সরকার বিরোধী দলকে স্বাধীনভাবে নির্বাচনী প্রচারণা চালাতে দেয়নি। এমনকি নির্বাচন পর্যবেক্ষণের ক্ষেত্রে নিরপক্ষ পর্যবেক্ষকদের অনুমতি দেওয়া হয়নি। তাই এ নির্বাচনে মিসরের জনগণের কোনো আস্থা নেই। এদিকে সরকার নির্বাচনে জয়লাভ করতে প্রতারণার আশ্রয় নিয়েছে—এমন অভিযোগে প্রতিবাদকারীরা মিসরের বিভিন্ন রাস্তায় টায়ার পুড়িয়েছে এবং কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। একপর্যায়ে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষ লিপ্ত হয়। মিসরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া দাঙ্গা থামাতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে বলে জানা গেছে।—এপি